মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

পিরোজপুরে মোটরসাইকেল ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৩

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ১১:২১ এএম

শেয়ার করুন:

পিরোজপুরে মোটরসাইকেল ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৩

পিরোজপুরের বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল ও মালবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে এ ঘটনায় তিন যুবক নিহত হয়েছেন। তাদের মধ্যে আপন দুই খালাতো ভাই রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আহতদের একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন— কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রামের শতদল রায়ের ছেলে শান্ত (২৩), বাবর মাঝীর ছেলে সুনান মাঝী (২১) এবং সুনানের খালাতো ভাই সাজিদ (২৩)। আহত ব্যক্তিরা হলেন— কাউখালী উপজেলার পাঙ্গাসিয়া গ্রামের হায়দার আলীর ছেলে মো. মাহফুজুর রহমান (২৫) এবং পিরোজপুর সদর উপজেলার বেকুটিয়া এলাকার মধুর ছেলে জয় (২৬)। জয় পিরোজপুর জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুটি মোটরসাইকেলে করে পাঁচজন আরোহী কাউখালীর দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেল দুটি বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাঁচ আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে জয় প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান। অন্য দুই আহত ব্যক্তির পরিচয় পাওয়া গেলে তাদের পরিবারকে জানানো হয়। পরে পরিবারের সদস্যরা এসে ডাক্তারের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠান। সেখানে বেকুটিয়া এলাকার শান্তকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। কাউখালী উপজেলার পাঙ্গাসিয়া গ্রামের আলী হোসেনের ছেলে মো. মাহফুজুর রহমান এখনও চিকিৎসাধীন রয়েছে।

অন্যদিকে, আহত দুই খালাতো ভাই সুনান মাঝী ও সাজিদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। পরে রাতে একজন তাদের পরিচয় শনাক্ত করে পরিবারের সদস্যদের খবর দেন। খবর পেয়ে স্বজনেরা পিরোজপুর জেলা হাসপাতালে আসেন। তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টায় দুজনেরই মৃত্যু হয়।

পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ যুগল বিশ্বাস জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেকুটিয়া সেতুতে দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। সেখানে দুজনকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। পরে অ্যাম্বুলেন্সে করে তাদের জেলা হাসপাতালে নেওয়া হয়। এ ছাড়া আরও তিনজন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানতে পারেন।

পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. নিজাম উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনায় আহত চারজনকে সন্ধ্যায় হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে প্রথমে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়। পরে বাকি দুজনের অবস্থার অবনতি হলে তাদেরও প্রাথমিক চিকিৎসা শেষে খুলনায় পাঠানো হয়।

এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে জানান, নিহতের বিষয়টি তিনি শুনেছেন।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর