মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

লক্ষ্মীপুরে ১১ দিনের রিমান্ডে ‘জঙ্গি বোমারু’ মামুনসহ দুই আসামি

জেলা প্রতিনিধি,  লক্ষ্মীপুর
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১৫ এএম

শেয়ার করুন:

লক্ষ্মীপুরে ১১ দিনের রিমান্ডে ‘জঙ্গি বোমারু’ মামুনসহ দুই আসামি
 সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরের রায়পুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেফতার হওয়া ‘জঙ্গি বোমারু’ মামুনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় জাহেদুল ইসলাম জাবেদ নামে অপর এক আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ রেজাউল হক এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আব্দুল আহাদ শাকিল পাটওয়ারী বলেন, মামুনের প্রকৃত নাম নাজমুল হাসান মামুন। তিনি নব্য জেএমবির সদস্য। তার বিরুদ্ধে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই মামলায় জাবেদ নামে অপর এক আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আদালতের জারিকারক মো. মাসুদ বলেন, সোমবার আসামি মামুনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগেও তাকে পাঁচ দিনের রিমান্ড দেওয়া হয়েছিল।

রায়পুর থানা পুলিশ জানায়, ৩ নভেম্বর রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজারে মামুন এক বিএনপি নেতাসহ তিনজনকে ছুরিকাঘাত করে আহত করেন। পরে স্থানীয় লোকজন তাকে ধাওয়া করেন। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তিনি পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন। মামুন পুলিশের কাছে নিজের প্রকৃত পরিচয় গোপন করেন। তখন তিনি নিজের নাম সাইফুল ইসলাম সুজন এবং বাড়ি ভোলা সদর উপজেলায় বলে জানান। পরে তাকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে রায়পুর থানায় মামলা করা হয়।

পুলিশ আরও জানায়, প্রায় দুই মাস ধরে পরিচয় গোপন করে মামুন উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের মৃত আবু তাহের সিকদারের বাড়িতে ভাড়া থাকতেন। আটকের পর ৯ নভেম্বর তার থাকার কক্ষ থেকে বোমা তৈরির কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। ১০ নভেম্বর বিকেলে একই বাড়ির উঠানের মাটির নিচে খোঁড়া গর্ত থেকে বোমাভর্তি দুটি দুধের কৌটা উদ্ধার করা হয়। ১১ নভেম্বর রাতে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ সেলের চার সদস্যের একটি প্রতিনিধি দল কৌটাগুলোর ভেতরে শক্তিশালী আইইডি বোমার অস্তিত্ব নিশ্চিত করেন। ১২ নভেম্বর বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়। মামুনকে বিস্ফোরক আইনে করা পৃথক দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে বরিশালসহ বিভিন্ন থানায় ১৬টি মামলার তথ্য পেয়েছে পুলিশ।

পরে আদালত তাকে রায়পুর থানায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করলে তার প্রকৃত পরিচয় বেরিয়ে আসে। তিনি নব্য জেএমবির সদস্য নাজমুল হাসান মামুন, যিনি ‘জঙ্গি বোমারু মামুন’ নামে পরিচিত। ১৭ নভেম্বর তার প্রথম দফার রিমান্ড শেষ হয়। এরপর পুলিশ আবারও ১০ দিনের রিমান্ড আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, মামুন নব্য জেএমবির শুরা কাউন্সিলের সদস্য ছিলেন। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর ঢাকার উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়। তখন তার বয়স ছিল ২১ বছর। ঢাকার একটি হোটেলে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল। জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান তিনি। এরপর থেকে পলাতক ছিলেন।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর