মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

এক হাজার কিলোমিটার হেঁটে সেতুর দাবি, সম্মাননা পেলেন বাবা-ছেলে

মো. তোফায়েল হোসেন জাকির, গাইবান্ধা
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৩২ এএম

শেয়ার করুন:

এক হাজার কিলোমিটার হেঁটে সেতুর দাবি, সম্মাননা পেলেন বাবা-ছেলে

গাইবান্ধার ফুলছড়ির বালাসী ঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে প্রায় এক হাজার কিলোমিটার পথ হেঁটেছেন বাবা ও ছেলে। ২০টি জেলা ঘুরে তাদের এই ব্যতিক্রমী পদযাত্রা পৌঁছায় রাজধানী ঢাকায়। দীর্ঘ পথের এই প্রচেষ্টা ও জনসচেতনতামূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ এবার গাইবান্ধায় তাদের সম্মাননা দেওয়া হয়েছে।

সম্মাননাপ্রাপ্ত দুজন হলেন গাইবান্ধা সদর উপজেলার সাদেক চত্বর এলাকার বাসিন্দা অনারারি ক্যাপ্টেন (অব.) সাদেক আলী সরদার এবং তার ছেলে উদ্যোক্তা মো. মোস্তাফিজুর রহমান।

এর আগে গত ১৬ আগস্ট গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসী ঘাট থেকে তাদের পদযাত্রা শুরু হয়। প্রায় ২০টি জেলা ঘুরে ৮ সেপ্টেম্বর তারা ঢাকায় পৌঁছান। এ সময় প্রায় এক হাজার কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করেন তারা। পদযাত্রার স্লোগান ছিল—‘আলোকিত বাংলার স্বপ্নযাত্রা, আমরা করব জয়’। পরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে ১১ সেপ্টেম্বর সরকারের কাছে বালাসী–বাহাদুরাবাদ ঘাটে সেতু নির্মাণের দাবিতে স্মারকলিপি দেন তারা।

পদযাত্রাকালে বাবা-ছেলে বিভিন্ন জেলার স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন। তাদের কাছে তুলে ধরেন, বালাসী–বাহাদুরাবাদ সেতু নির্মিত হলে উত্তরাঞ্চলের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে কী ধরনের ইতিবাচক পরিবর্তন আসতে পারে। তাদের এই উদ্যোগের প্রশংসা করেন স্থানীয়রা। অনেকেই সেতু নির্মাণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
স্থানীয়রা জানায়, অনারারি ক্যাপ্টেন (অব.) সাদেক আলী সরদার বাংলাদেশ সেনাবাহিনীতে প্যারা কমান্ডো হিসেবে দায়িত্ব পালন করেছেন। অবসর জীবনে ছেলেকে সঙ্গে নিয়ে উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের এই জনদাবি সামনে আনতে ব্যতিক্রমী পদযাত্রার উদ্যোগ নেন তিনি।

সম্প্রতি গাইবান্ধা পৌর পার্ক থেকে একটি বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে শুরু হয় জনসচেতনতামূলক আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের কর্মসূচি। র‍্যালিটি জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্ল্যানার্স অ্যান্ড ডিজাইনার্স প্রকৌশলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বালাসী–বাহাদুরাবাদ ঘাটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তব্য দেন সাদেক আলী সরদার ও মোস্তাফিজুর রহমান।

তারা বলেন, এই সেতু শুধু গাইবান্ধা নয়, পুরো উত্তরাঞ্চলের মানুষের যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেতুটি নির্মিত হলে কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্যের প্রসার, কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা ও চিকিৎসাসেবা গ্রহণে মানুষের ভোগান্তি কমবে।

তারা আরও বলেন, এই দাবি কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর নয়, এটি উত্তরবঙ্গের সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা। তাই দলমত-নির্বিশেষে সবাইকে এ দাবির পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তাঁরা। 

অনুষ্ঠানে সেতু নির্মাণের দাবিতে প্রায় এক হাজার কিলোমিটার পদযাত্রাসহ তাদের নিরলস প্রচেষ্টা ও জনসচেতনতামূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ আয়োজক সংগঠনের পক্ষ থেকে বাবা-ছেলের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

সম্মাননা গ্রহণ করে তারা এই স্বীকৃতি গাইবান্ধাসহ সমগ্র উত্তরবঙ্গবাসীকে উৎসর্গ করেন। মানুষের ভালোবাসা ও সমর্থনকে পথচলার বড় অনুপ্রেরণা উল্লেখ করে তারা বলেন, বালাসী–বাহাদুরাবাদ সেতু নির্মাণের দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। 

প্রতিনিধি/আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর