মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

বরগুনায় এক লাখ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী গ্রেফতার

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৩২ এএম

শেয়ার করুন:

বরগুনায় এক লাখ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী গ্রেফতার

বরগুনার আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খাঁনকে এক লাখ টাকাসহ গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল। সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সাবেক পৌর মেয়র মতিয়ার রহমানের পরিত্যক্ত বাড়ির একটি কক্ষ থেকে তাঁকে গ্রেফতার করা হয়। পরে দুপুরে তাঁকে আমতলী থানায় হস্তান্তর করা হয়।

দুদকের দাবি, পৌরসভার একটি উন্নয়ন কাজের সাব-ঠিকাদার মো. নোমান রেজার কাছ থেকে ঘুষ হিসেবে এক লাখ টাকা নেওয়ার সময় তাঁকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেফতার প্রকৌশলী রুবেল খাঁনের দাবি, সাবেক মেয়র মতিয়ার রহমানের অনিয়মে সহযোগিতা না করায় তাঁকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।

দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তাপস বিশ্বাস আমতলী ডাকবাংলো প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে জানান, ঘুষের এক লাখ টাকাসহ রুবেল খাঁনকে গ্রেফতার করা হয়েছে। দুদকের কাছে আগে থেকে সরবরাহ করা তথ্যের সঙ্গে উদ্ধার করা টাকার নম্বরের মিল পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০-এর ১৬১ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা করা হয়েছে। পরে তাঁকে আমতলী থানায় সোপর্দ করা হয়।

দুদকের অভিযোগ অনুযায়ী, আমতলী পৌরসভার সৌন্দর্যবর্ধনের জন্য বিশ্বব্যাংকের অর্থায়নে ২০২৩-২৪ অর্থবছরে ১২ কোটি ৫৬ লাখ ৯৮ হাজার ৩২৩ টাকা ব্যয়ে এলজিসিআরআরপি প্রকল্পের আওতায় উন্নয়নকাজ হাতে নেওয়া হয়। অভিযোগ রয়েছে, ২০২৪ সালের এপ্রিল মাসে তৎকালীন পৌর মেয়র মতিয়ার রহমান গোপনে দরপত্র আহ্বান করে ঝালকাঠির ইসলাম ব্রাদার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজটি দেন। তবে কাজটির বাস্তবায়ন নিয়ে অনিয়মের অভিযোগ রয়েছে। বর্তমানে কাজটি চলমান রয়েছে বলে জানা গেছে।

এ কাজের সাব-ঠিকাদার হিসেবে দায়িত্ব পালন করছেন নোমান রেজা। কাজটির তদারকির দায়িত্বে ছিলেন পৌরসভার উপসহকারী প্রকৌশলী রুবেল খাঁন। নোমান রেজার অভিযোগ, কাজের জন্য রুবেল খাঁন তাঁর কাছে এক লাখ টাকা ঘুষ দাবি করেন। সোমবার বেলা ১১টার দিকে সাবেক মেয়র মতিয়ার রহমানের পরিত্যক্ত বাড়ির একটি কক্ষে ওই টাকা দেওয়ার সময় দুদকের দল তাঁকে গ্রেফতার করে। তবে অভিযোগ অস্বীকার করে রুবেল খাঁন বলেন, সাবেক মেয়র মতিয়ার রহমান পৌরসভার উন্নয়নকাজে অনিয়ম করে অর্থ আত্মসাৎ করেছেন। এখনও তিনি বিভিন্ন কাজে অনিয়মের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এতে রাজি না হওয়ায় মেয়র তাঁর লোকজনের মাধ্যমে পরিকল্পিতভাবে তাঁকে ফাঁসিয়েছেন। সাব-ঠিকাদার নোমান রেজাকে ব্যবহার করে তাঁর পকেটে টাকা ঢুকিয়ে দুদকের মাধ্যমে গ্রেপ্তার করানো হয়েছে বলে দাবি করেন তিনি। বিষয়টি দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানান রুবেল।

অন্যদিকে সাব-ঠিকাদার নোমান রেজা বলেন, রুবেল খাঁন তাঁর কাছ থেকে এক লাখ টাকা ঘুষ নিয়েছেন। টাকা দেওয়ার সময় দুদক তাঁকে হাতেনাতে গ্রেফতার করেছে। তবে কাজের মান নিয়ে আপত্তি থাকায় তাঁকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট কোনো উত্তর না দিয়ে এড়িয়ে যান।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, দুদক আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলীকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে। তাঁকে থানা হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক হাসান মো. হাফিজুর রহমান বলেন, বিষয়টি তিনি জানতে পেরেছেন। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সরকারি চাকরিবিধি অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর