বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

সাতক্ষীরায় যুবদল নেতার মাছের ঘের থেকে চুরি যাওয়া গাড়ি উদ্ধার

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

শেয়ার করুন:

সাতক্ষীরায় যুবদল নেতার মাছের ঘের থেকে চুরি যাওয়া গাড়ি উদ্ধার

সাতক্ষীরার আশাশুনি উপজেলা যুবদলের সদস্যসচিব আবু জাহিদ সোহাগের মাছের ঘের থেকে চাঁদপুরের হাজীগঞ্জে চুরি হওয়া একটি সাদা রঙের টয়োটা করোলা প্রাইভেট কার উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোর ছয়টার দিকে আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বাউসুলি (মান্দারা) এলাকা থেকে গাড়িটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় আবু জাহিদ সোহাগকে আটক করতে পারেনি পুলিশ।

হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নূরে আলম জানান, চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার হাকিমাবাদ গ্রামের আবুল কাশেমের একটি সাদা রঙের করোলা প্রাইভেটকার চুরির ঘটনায় গত ১৯ অক্টোবর হাজীগঞ্জ থানায় ৩৩ নম্বর মামলা হয়। মামলাটি তদন্ত করতে গিয়ে গাড়িটির অবস্থান সাতক্ষীরার আশাশুনি উপজেলার বাউসুলি এলাকায় বলে জানতে পারেন তারা। পরে রোববার রাতে তিনি সাতক্ষীরায় আসেন। সোমবার ভোরে আবু জাহিদ সোহাগের মাছের ঘের থেকে গাড়িটি উদ্ধার করা হয়। তবে তাকে আটক করা সম্ভব হয়নি।

উপপরিদর্শক নূরে আলম আরও বলেন, মূল আসামিকে গ্রেফতার না করা পর্যন্ত তদন্তের স্বার্থে কিছু তথ্য গোপন রাখা হচ্ছে।

গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-গ-২৫-৩২১৯। ঘেরের কর্মচারী এনামুল শেখ বলেন, প্রায় তিন মাস আগে আবু জাহিদ সোহাগ পাশের ঘেরের কর্মচারী ইলিয়াসের মাধ্যমে পুরোনো গাড়িটি কেনেন। গাড়িটির পেছনে তিনি প্রায় দেড় লাখ টাকা খরচ করেন। যাঁর কাছ থেকে গাড়িটি কেনা হয়েছিল, তাঁকে সম্প্রতি ২০ হাজার টাকা দেওয়া হলেও আরও ৩০ হাজার টাকা বাকি ছিল। আবু জাহিদ বিভিন্ন সময়ে দূরে যাতায়াতের জন্য গাড়িটি ব্যবহার করতেন।

এনামুলের ভাষ্য, সোমবার (২৩ নভেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে সাদা পোশাকে কয়েকজন ব্যক্তি এসে গাড়িটির ছবি তোলেন এবং মালিকের নাম জানতে চান। তিনি আবু জাহিদ সোহাগের নাম জানান। পরে ভোর ছয়টার দিকে পুলিশ ঘেরের পাশ থেকে গাড়িটি নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা খোকন সরদারও জানান, প্রায় তিন মাস ধরে আবু জাহিদ সোহাগ ওই সাদা রঙের করোলা প্রাইভেটকার ব্যবহার করতেন। সোমবার ভোরে সাদা পোশাকে কয়েকজন ব্যক্তি তার কাছে গাড়িটির মালিকানা জানতে চান। তিনি গাড়িটি আবু জাহিদের বলে জানান। পরে আশাশুনি থানার উপপরিদর্শক ফিরোজ হোসেন, হাজীগঞ্জ থানার উপপরিদর্শক নূরে আলম এবং গাড়ির মালিক এসে সেটি নিয়ে যান।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, আবু জাহিদের জিম্মা থেকে চোরাই গাড়িটি উদ্ধার করা হয়েছে। তাকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

তবে আশাশুনি থানার ওসি শাহীদুর রহমান বলেন, চাঁদপুরের হাজীগঞ্জ থানা থেকে পুলিশ এসে সোমবার ভোরে বাউসুলি গ্রামের একটি মাছের ঘের থেকে প্রাইভেটকার নিয়ে গেছে। গাড়িটি চোরাই কি না, সে বিষয়ে তিনি জানেন না।

আশাশুনি উপজেলা যুবদলের সদস্যসচিব আবু জাহিদ সোহাগ বলেন, গাড়িটি আমার ঘেরের পাশে বাসি ইলিয়াস নামে একজন কিনেছে। গাড়িটা আমার না আর আমি ব্যবহারও করিনি। 

প্রতিনিধি/আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর