সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

দুবলার চরে রাস পূর্ণিমা উৎসব ঘিরে কোস্ট গার্ডের কঠোর নিরাপত্তা

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পিএম

শেয়ার করুন:

দুবলার চরে রাস পূর্ণিমা উৎসব ঘিরে কোস্ট গার্ডের কঠোর নিরাপত্তা

সুন্দরবনের দুবলার চরে শত বছরের ঐতিহ্যবাহী ‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তীর্থযাত্রী ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের জাহাজ, নিকটবর্তী স্টেশন ও আউটপোস্ট থেকে বিশেষ টহলদল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে ডুবুরি দল।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।

তিনি বলেন, দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন ধর্মীয় উৎসব, উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তায় দায়িত্ব পালন করে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় প্রতিবছরের মতো এবারও দুবলার চরের রাস পূর্ণিমা উৎসব ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, উৎসব চলাকালে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে সার্বক্ষণিক টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে বন্যপ্রাণী শিকার প্রতিরোধে বন বিভাগ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা নজরদারি জোরদার করা হয়েছে।

এদিকে সুন্দরবনকে বনদস্যুমুক্ত ও উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

কোস্ট গার্ডের দেওয়া তথ্য অনুযায়ী, চলমান এসব অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ মোট ৪৩ জন বনদস্যুকে আটক করা হয়েছে। এছাড়া বনদস্যুদের কাছে জিম্মি থাকা ৬৩ জন জেলে, দুজন পর্যটক এবং একজন রিসোর্ট মালিককে জীবিত উদ্ধার করে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে কোস্ট গার্ড ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযানে কোণঠাসা হয়ে সুন্দরবনের সাতটি সক্রিয় বনদস্যু বাহিনীর মোট ৬৪ জন সদস্য বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছে।

সুন্দরবনকে দস্যুমুক্ত ও নিরাপদ রাখতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যৌথ অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় কোস্ট গার্ড।

রাস পূর্ণিমা উৎসবে অংশ নেওয়া পুণ্যার্থী ও দর্শনার্থীদের জরুরি প্রয়োজনে দ্রুত সহায়তা পেতে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

প্রতিনিধি/আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর