সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

নেত্রকোনায় কুরিয়ার কর্মীকে কুপিয়ে লাখ ছিনতাই

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পিএম

শেয়ার করুন:

নেত্রকোনায় কুরিয়ার কর্মীকে কুপিয়ে লাখ ছিনতাই
খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা চলছে। ছবি: ঢাকা মেইল

নেত্রকোনার খালিয়াজুরীতে স্টিডফাস্ট কুরিয়ার সার্ভিসের এক কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ১ লাখ ১৪ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। 

এ ঘটনায় শ্রাবণ পাঠান (২৮) নামে ওই কর্মী গুরুতর আহত হন। তার মাথা, হাত ও পিঠে ১৫টির বেশি সেলাই দিতে হয়েছে। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। 

উপজেলার উদয়পুর এলাকায় রোববার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। আজ তার জ্ঞান ফিরলেও কথা বলতে পারছেন না। 

আহত শ্রাবণ পাঠান উপজেলার সাতগাঁও গ্রামের কাঞ্চন পাঠানের ছেলে।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিকেলে কুরিয়ার সার্ভিসের মালামাল ডেলিভারির কাজে বের হয়েছিলেন শ্রাবণ। দুর্গম হাওরাঞ্চল হওয়ায় বিভিন্ন প্রান্তে গিয়ে মালামাল পৌঁছে দিতে বেশ সময় লাগে। রাত ৯টার দিকে উদয়পুর এলাকায় ছিনতাইকারীরা তার পথরোধ করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার মাথা, হাত ও পিঠে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে তার সঙ্গে থাকা মালামাল ডেলিভারির ১ লাখ ১৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

গুরুতর আহত অবস্থায় শ্রাবণ মোটরসাইকেল চালিয়ে উদয়পুর বাজারের কাছে সড়কে পৌঁছে অচেতন হয়ে পড়ে যান। পরে পথচারীরা তাকে উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খালিয়াজুরী স্টিডফাস্ট কুরিয়ার সার্ভিসের শাখা অফিসের কর্মী সজিব সরকার বলেন, শ্রাবনের কাছে ডেলিভারির ১ লাখ ১৪ হাজার টাকা ছিল। এ ছাড়া গ্রাহকদের মালামালও ছিল। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আজ তার জ্ঞান ফিরলেও কথা বলতে পারছেন না।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, এ ঘটনায় এখনো থানায় কেউ অভিযোগ করেননি। তবে বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর