যশোরের কেশবপুরে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন ওরফে স্বাধীন আব্দুল্লাহকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত।
সোমবার (২৩ নভেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
আব্দুল্লাহ আল মামুন কেশবপুর উপজেলার ঝিকরা গ্রামের সোলাইমান হোসেনের ছেলে। এর আগে রোববার (২২ নভেম্বর) বিকেলে কেশবপুর পৌর ভবনের পেছনের পুরাপাড়া এলাকা থেকে এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ জানান, গত ১৮ সেপ্টেম্বর সকালে কেশবপুর পৌরসভার হাজী লস্কর মোড়ল সড়কের চিংড়া হোটেলের সামনে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল ও সমাবেশ করেন। এ সময় তারা লাঠিসোঁটা, লোহার রড, ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করেন। ওই ঘটনায় সেদিনই কেশবপুর থানায় ৫০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।
এসআই মাসুম বিল্লাহ আরও জানান, মামলার তদন্তে ওই নাশকতামূলক কর্মকাণ্ডে আব্দুল্লাহ আল মামুনের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এ কারণে তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সদস্য আব্দুল্লাহ আল মামুন স্বাধীনকে মারপিট করে পুলিশের হাতে তুলে দেওয়া এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেইউজে। এক বিবৃতিতে যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি সাজেদ রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলনসহ নেতৃবৃন্দ বলেন, এ ধরনের ‘মব’ কালচার স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। এটি কখনই গ্রহণযোগ্য হতে পারে না। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি জেইউজে অবিলম্বে সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন স্বাধীনের মুক্তির দাবি জানিয়েছে।
অন্যদিকে নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্ট নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিবৃতি দিয়েছেন যুগ্ম আহ্বায়ক জাকির হেসোন ইমন।
প্রতিনিধি/এলএ




