সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

সংস্কৃতি ও সম্প্রীতির মেলবন্ধনে খাসিয়াদের ‘সেঙ কুটস্নেম’

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ১০:৩২ পিএম

শেয়ার করুন:

সংস্কৃতি ও সম্প্রীতির মেলবন্ধনে খাসিয়াদের ‘সেঙ কুটস্নেম’

বাঁশ-সুপারি পাতার প্রাকৃতিক মঞ্চ, ঐতিহ্যবাহী পোশাক আর লোকজ মেলার আয়োজন। আর এমন বর্ণিল আয়োজনে মৌলভীবাজারের কমলগঞ্জে উদযাপিত হয়েছে খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষবিদায় উৎসব ‘খাসি সেঙ কুটস্নেম’। পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নিতে দিনভর উৎসবে মেতে ওঠেন খাসিয়া সম্প্রদায়ের মানুষ। তাদের সঙ্গে যোগ দেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং দেশি-বিদেশি পর্যটকরা।

সোমবার (২৩ নভেম্বর) কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া খাসিয়া পুঞ্জির মাঠে এ উৎসবের আয়োজন করা হয়। খাসিয়া বর্ষপঞ্জি অনুযায়ী ১২৭তম বর্ষকে বিদায় জানিয়ে ১২৮তম নতুন বর্ষকে স্বাগত জানান তারা।

উৎসব উপলক্ষে মাগুরছড়া পুঞ্জির মাঠে বসে ঐতিহ্যবাহী মেলা। খাসিয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের তৈরি ও ব্যবহৃত নানা পণ্যের পসরা সাজিয়ে বসেন। বিভিন্ন স্টলে শোভা পায় খাসিয়াদের ঐতিহ্যবাহী পোশাক, পান, মসলা, তীর-ধনুক এবং বাঁশ-বেতের তৈরি নানা সামগ্রী। মেলার পাশাপাশি ছিল লোকজ খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজন।

আয়োজকেরা জানান, নতুন প্রজন্মের কাছে খাসিয়া জনগোষ্ঠীর ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি অন্য সম্প্রদায়ের মানুষের সঙ্গে সাংস্কৃতিক বন্ধন দৃঢ় করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

উৎসবের আলোচনা সভার জন্য ফুটবল মাঠের এক পাশে বাঁশের খুঁটি ও নারিকেলপাতার ছাউনি দিয়ে তৈরি করা হয় নান্দনিক প্রাকৃতিক মঞ্চ।

বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের কো-চেয়ারম্যান ও মাগুরছড়া খাসিয়া পুঞ্জির প্রধান জিডিসন সুচিয়াংয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দ্বীপ তালুকদারসহ অন্যরা।

মাগুরছড়া খাসিয়া পুঞ্জির প্রধান জিডিসন সুচিয়াং বলেন, খাসি সেঙ কুটস্নেম হচ্ছে খাসিয়া সম্প্রদায়ের বর্ষবিদায় উৎসব। ১৮৯৯ সাল থেকে খাসিয়া জনগোষ্ঠীর লোকজন এ অনুষ্ঠান পালন করে আসছেন। বাংলাদেশে আমরা ২০১১ সাল থেকে এ আয়োজন করছি। ব্রিটিশ আগ্রাসনের সময় ভাষা ও সংস্কৃতি যখন হুমকির মুখে পড়েছিল, তখন খাসিয়া তরুণদের উদ্যোগে সেঙ খাসি নামে একটি সংগঠন গড়ে ওঠে। সেই উদ্যোগের ধারাবাহিকতায় আমরা এ উৎসব পালন করে আসছি।

সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেন, আমরা চাই, আগামী দিনে এ অনুষ্ঠান আরও উন্নত ও সমৃদ্ধ হোক। বাংলাদেশের শ্রীমঙ্গল ও কমলগঞ্জকে আমরা সম্প্রীতির মিলনস্থল হিসেবে অভিহিত করি। সেই সম্প্রীতির চিত্র আরও সুন্দরভাবে তুলে ধরতে চাই।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর