গোপালগঞ্জে তুচ্ছ ঘটনা নিয়ে চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হন। সংঘর্ষ চলাকালে ককটেল বিস্ফোরণ ও কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জেলা শহরের ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে লঞ্চঘাট এলাকা থেকে শহরে একটি মিছিল বের করা হয়। মিছিল চলাকালে ঘোষেরচর গ্রামের এক যুবককে মারধর করেন চরমানিকদাহ গ্রামের কয়েকজন যুবক। এ ঘটনার জের ধরে সন্ধ্যায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন সড়কে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় চারটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। পাশাপাশি কয়েকটি দোকান ভাঙচুর করা হয়।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে পাঁচজনকে গুরুতর অবস্থায় গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আহতদের মধ্যে চরমানিকদাহ গ্রামের হাফিজ মোল্লার ছেলে জাহিদুর রহমান প্রান্ত, চান মিয়া মোল্লার ছেলে রাকিবুল মোল্লা, সাফায়েত মোল্লার ছেলে সাহাবুল মোল্লা ও কোভিদ মোল্লার ছেলে জাহিদ মোল্লার নাম জানা গেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, বিষয়টি তিনি জানতে পেরেছেন। বিস্তারিত জেনে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এলএ




