সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

৫ ঘণ্টা আটকে থাকার পর পুলিশের হস্তক্ষেপে প্রবাসীর দাফন

জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পিএম

শেয়ার করুন:

৫ ঘণ্টা আটকে থাকার পর পুলিশের হস্তক্ষেপে প্রবাসীর দাফন
মৃত রাসেল। ছবি: ঢাকা মেইল

সম্পত্তির ভাগের দাবিতে জানাজা ও দাফনে বাধার পরে পুলিশের হস্তক্ষেপে আব্দুল ওয়াদুদ ভূঁইয়া রাসেল নামে এক প্রবাসীর লাশ দাফন হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় নরসিংদীর পলাশ উপজেলায় এ ঘটনা ঘটে। 

নিহত আব্দুল ওয়াদুদ ভূঁইয়া রাসেল উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পলাশ বাজারের সিরাজ উদ্দিনের ছেলে। দীর্ঘদিন তিনি সৌদি আরবে ছিলেন। 

রাসেল ২৩ অক্টোবর সৌদি আরবে হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুর দীর্ঘ এক মাস পর সোমবার দুপুরে তার লাশ গ্রামের বাড়িতে পৌঁছায়।

রাসেলের বাড়িতে লাশ পৌঁছানোর পর পরিবারের পক্ষ থেকে দুপুরে জানাজা ও দাফনের প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু এর আগেই রাসেলের স্ত্রী তার দুই অপ্রাপ্তবয়স্ক সন্তানের নামে সম্পত্তির অংশ বুঝিয়ে দেওয়ার দাবি তোলেন। এসময় দাবির সাথে কয়েকজন স্বজন ও স্থানীয় ব্যক্তি সমর্থন জানান। কিন্তু মৃতের বাবা-মা দাফনের আগে সম্পত্তি বুঝিয়ে দিতে রাজি হননি।

তাদের দাবি, মৃতের সন্তানরা প্রাপ্তবয়স্ক হলে তাদের প্রাপ্য সম্পত্তি বুঝিয়ে দেওয়া হবে। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ সৃষ্টির একপর্যায়ে সম্পত্তি বুঝিয়ে দেওয়ার দাবিতে জানাজা ও দাফনে বাধার সৃষ্টি হয়। 

মৃত রাসেলের স্ত্রী শারমিন আক্তার বলেন, দীর্ঘ ১১ বছর আগে দুজনের পরিবারের অমতে ভালোবেসে বিয়ে করেন তারা। বিয়ের কিছু দিন পর রাসেল তার পরিবারকে অনেক বুঝানোর চেষ্টার পরও ব্যর্থ হয়েছিলেন। যার কারণে তাদের ভাড়া বাসায় থাকতে হয়। প্রবাসে স্বামী মারা যাওয়ার পরে স্বামীর লাশ দেশের আসার খবর পেয়ে এখানে এলে শ্বশুরবাড়ির লোকজন আমাকে ঘরে উঠতে দিচ্ছিল না। একপর্যায়ে আমি আমার পিতাহারা অবুঝ সন্তানের অধিকারের দাবি তুললে স্থানীয় অনেকেই আমার দাবিতে সম্মতি দিয়েছেন।

তবে এ ঘটনায় রাসেলের পরিবারের অন্য কারও বক্তব্য নেওয়ার চেষ্টা করে সম্ভব হয়নি।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন জানান, সম্পত্তির জন্য লাশ দাফনে বাধা দেওয়া হচ্ছে, এমন খবরে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় আমি ও সঙ্গী অফিসার নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এরপর সামাজিক ব্যক্তিবর্গের সহায়তায় রাসেলের স্ত্রী শারমিন আক্তার ও তার সন্তানরা এখন থেকে শ্বশুরবাড়িতে থাকার সিদ্ধান্ত হয়। পাশাপাশি তাদের ন্যায্য অধিকার থেকে যেন কোনোভাবেই বঞ্চিত করা না হয়, সে দিকেও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নজর রাখবেন। এরপর দীর্ঘ ৫ ঘণ্টা পর সন্ধ্যা ৭টার দিকে নিহত রাসেলের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর