খুলনার রূপসায় মো. রবিউল ইসলাম নামে জেলা মুক্তিযোদ্ধা সৈনিক দলের সাধারণ সম্পাদককে তুলে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২৩ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রবিউল ইসলাম রাজাপুর এলাকার মৃত আবুল কালামের ছেলে।
পুলিশ জানায়, রাত পৌনে ৮টার দিকে রাজাপুর এলাকায় ভ্রাতৃ মঞ্চের সামনে থেকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা রবিউল ইসলামকে তুলে নিয়ে যায়। পরে পপুলার জুটমিলের সামনে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত এবং গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিনিধি/এলএ




