জয়পুরহাটের কালাইয়ে মেয়ের বাড়ি থেকে নিজ বাড়ি বগুড়ার শিবগঞ্জে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় নুর বানু (৪৯) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার পুনট ইউনিয়নের পুনট কোল্ড স্টোরেজ এলাকায় জয়পুরহাট-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় মোটরসাইকেল চালক আব্দুর রাজ্জাক ও তার পেছনে বসে থাকা শাকিল নামে দুজনকে আটক করেছে পুলিশ। তারা সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়াপাড়া গ্রামের বাসিন্দা।
নিহত নুর বানু বগুড়ার শিবগঞ্জ উপজেলার পুটখুর গ্রামের হায়বত আলীর মেয়ে। তিনি কালাই উপজেলার নান্দাইলদিঘী গ্রামে মেয়ে ও জামাতা এনামুল হকের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও নিহতের জামাতা এনামুল হকের সঙ্গে কথা বলে জানা যায়, গত রোববার বিকেলে নুর বানু মেয়ের বাড়িতে বেড়াতে আসেন। সোমবার বেলা ১২টার দিকে খাওয়া-দাওয়া শেষে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন। বেলা সাড়ে ১২টার দিকে পুনট কোল্ড স্টোরেজের সামনে সড়ক পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পাকা সড়কে পড়ে যান।
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতার হাতে আটক মোটরসাইকেলচালক ও তার সঙ্গীকে থানায় নিয়ে যায়।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, নিহত নারীর মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে এবং তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় জনতার হাতে আটক মোটরসাইকেলচালকসহ দুজনকে থানায় আনা হয়েছে।
প্রতিনিধি/এসএস




