চট্টগ্রামের মিরসরাইয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এক ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে জোরারগঞ্জ থানা পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম।
গ্রেফতার ব্যক্তিরা হলেন হিঙ্গুলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেহেদীনগর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মো. শহিদুল ইসলাম প্রকাশ রানা মেম্বার (৩৬), হারুন অর রশিদের ছেলে শরীফুল ইসলাম প্রকাশ রিয়াজ (২৬) এবং বারইয়ারহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জামালপুর এলাকার মৃত সুনীল চন্দ্র দাসের ছেলে শিমুল চন্দ্র দাস (৪৩)।
শহিদুল ইসলাম হিঙ্গুলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। শরীফুল ইসলাম ছাত্রলীগের নেতা এবং শিমুল চন্দ্র দাস বারইয়ারহাট পৌরসভার যুবলীগের নেতা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ‘রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত পুলিশের একাধিক দল পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকর্মীকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার করেছে। সোমবার দুপুরে আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
প্রতিনিধি/এসএস




