সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

শ্রীমঙ্গল সীমান্তে ভারতীয় নাগরিক আটক

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পিএম

শেয়ার করুন:

শ্রীমঙ্গল সীমান্তে ভারতীয় নাগরিক আটক

মৌলভীবাজারের শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাকে সহায়তাকারী দুই বাংলাদেশি নাগরিক পালিয়ে যান।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় শ্রীমঙ্গল উপজেলার ৭ নম্বর রাজঘাট ইউনিয়নের বিদ্যাবিল চা বাগানের মোঘলাবস্তি এলাকায় এ ঘটনা ঘটে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ এ তথ্য নিশ্চিত করে।

বিজিবির নায়েক মো. দুলাল মিয়ার নেতৃত্বে পরিচালিত টহল দল আটক ব্যক্তিকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করে।

পুলিশ জানায়, রোববার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের দিকে মোঘলাবস্তি এলাকায় সীমান্ত পিলার ১৯৩৮/১৮-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজিবির টহল দল দায়িত্ব পালন করছিল। এ সময় তারা দেখতে পায়, এক ভারতীয় নাগরিক দুই বাংলাদেশির সহায়তায় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করছেন।

বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ভারতীয় নাগরিক মিলান বর্মনকে (৫০) আটক করা হয়। এ সময় তাকে সহায়তাকারী দুই বাংলাদেশি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি প্রায় এক বছর আগে সিলেট সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন এবং দীর্ঘদিন ধরে এ দেশে অবস্থান করছিলেন। পরে পলাতক দুই ব্যক্তির সহায়তায় পুনরায় অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।

আটক ব্যক্তির কাছে বৈধ কোনো পাসপোর্ট বা ভিসা পাওয়া যায়নি। তবে তার নিজের নামে থাকা ভারতীয় আধার কার্ডের একটি ফটোকপি উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় আটক ব্যক্তি ও পলাতক দুই বাংলাদেশির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে শ্রীমঙ্গল থানায় মামলা করেছে বিজিবি। ২৩ নভেম্বর ২০২৬ তারিখে দায়ের করা মামলাটির নম্বর ২১। দ্য কন্ট্রোল অব এন্ট্রি অ্যাক্ট, ১৯৫২-এর ৪ ধারা এবং বাংলাদেশ পাসপোর্ট আদেশ, ১৯৭৩-এর ১১(২) ধারায় মামলাটি করা হয়েছে।

পলাতক দুই বাংলাদেশিকে শনাক্ত ও আটকের জন্য পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর