সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

স্কুলে বসে কর্মচারীর প্রকাশ্যে মাদক সেবনের ভিডিও ভাইরাল

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পিএম

শেয়ার করুন:

স্কুলে বসে কর্মচারীর প্রকাশ্যে মাদক সেবনের ভিডিও ভাইরাল
স্কুলের একটি কক্ষে বসে মাদক সেবন করছেন জুনাহিদ মিয়া। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ইটনার বড় হাতকবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বসে এক কর্মচারীর প্রকাশ্যে মাদক সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ওই কর্মচারীর বিরুদ্ধে বিদ্যালয়ে মাদক সেবন, মাদকসেবীদের নিয়ে আড্ডা ও মাদক বিক্রির অভিযোগও রয়েছে। এর আগে অভিযোগের ভিত্তিতে শিক্ষা বিভাগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানালেও নতুন করে ভিডিওটি ছড়িয়ে পড়ায় আগের পদক্ষেপের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।

উপজেলার এলংজুরী ইউনিয়নের বড়হাতকাবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিযুক্ত কর্মচারীর নাম জুনাহিদ মিয়া। তিনি বিদ্যালয়টির দপ্তরি কাম প্রহরী হিসেবে কর্মরত।

স্থানীয় সূত্রে জানা গেছে, জুনাহিদ মিয়া দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে মাদক সেবন করেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া বিদ্যালয় প্রাঙ্গণে মাদকসেবীদের নিয়ে আড্ডা এবং মাদক কেনাবেচার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। বিষয়টি নিয়ে আগে অভিযোগ ওঠার পর ইটনা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছিল বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

তবে আগের পদক্ষেপের পরও তার বিরুদ্ধে মাদক সেবন ও বিক্রির অভিযোগ অব্যাহত থাকার কথা জানিয়েছেন স্থানীয়রা। সম্প্রতি তার মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আবারও আলোচনায় আসে।

বিদ্যালয়ের মতো একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের অভিযোগ উদ্বেগ তৈরি করেছে অভিভাবক ও সচেতন মহলে। তাদের আশঙ্কা, বিদ্যালয় প্রাঙ্গণে মাদকসেবন ও মাদকসংশ্লিষ্ট ব্যক্তিদের আনাগোনা শিক্ষার্থীদের স্বাভাবিক পরিবেশ ও মানসিক বিকাশের জন্য ঝুঁকিপূর্ণ। বিশেষ করে কোমলমতি শিশুদের সামনে এমন কর্মকাণ্ডের অভিযোগ কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই।

আরও পড়ুন

মদের বোতল সামনে নিয়ে প্রধান শিক্ষকের নাচের ভিডিও ভাইরাল

ইয়াবাসহ আটক নোবিপ্রবির ল্যাব টেকনিশিয়ান, সাবেক ছাত্রলীগ নেতা

সচেতন মহলের ভাষ্য, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের কথা বলছে। অথচ একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে মাদকসংশ্লিষ্ট গুরুতর অভিযোগ ওঠা এবং আগের তদন্তের পরও বিষয়টি নতুন করে সামনে আসা প্রশাসনিক নজরদারি ও জবাবদিহি নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুনর রশিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিষয়টি জানার পর ইটনা উপজেলা শিক্ষা কর্মকর্তাকে সরেজমিনে পরিদর্শন করে তদন্ত প্রতিবেদন দিতে বলেছি। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ইটনা উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল কালাম এহছানুল হক বলেন, ‘বড়হাতকাবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারী জুনাহিদ মিয়ার মাদক সেবনের ভিডিওটি ২০২৪ সালের। পুরোনো সেই ভিডিও আবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আমরা আগেও বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘ভিডিওটি বিশ্লেষণসহ বিষয়টি আরও খতিয়ে দেখতে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাকে (এটিও) নির্দেশনা দেওয়া হয়েছে। এবার তদন্তের ভিত্তিতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’

এদিকে অভিযুক্ত জুনাহিদ মিয়ার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর