লক্ষ্মীপুর সদর উপজেলায় দীর্ঘ ৪০ বছরের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে দুই ভাতিজার বিরুদ্ধে। এর প্রতিবাদ করতে গেলে চাচা মফিজ উল্লাহসহ একই পরিবারের তিনজনকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে ভাতিজা মামুন ও মাসুদের বিরুদ্ধে।
সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খন্দকারপুর গ্রামের চাঁন মিয়া বাড়িতে চলাচলের রাস্তা নিয়ে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৪০ বছর ধরে মফিজ উল্লাহ ও তার পরিবারের সদস্যরা ওই রাস্তা ব্যবহার করে আসছেন। সম্প্রতি তার ভাতিজা মামুন ও মাসুদ জোরপূর্বক টিনের বেড়া দিয়ে রাস্তাটি বন্ধ করে দেন। এ নিয়ে সোমবার দুই পক্ষের লোকজনের মধ্যে বিরোধ ও মারামারির ঘটনা ঘটে। এ সময় মারামারির দৃশ্য মুঠোফোনে ধারণ করতে গেলে প্রবাসী আব্দুল মন্নানের স্ত্রী শিমু আক্তারও মারধরের শিকার হন বলে অভিযোগ রয়েছে।
হাসপাতালে চিকিৎসা নিতে এসে মফিজ উল্লাহর বড় ছেলে মানিক গণমাধ্যমকর্মীদের জানান, তাদের পরিবার ৪০ বছর ধরে ওই রাস্তা ব্যবহার করে আসছে। হঠাৎ তার জেঠাতো ভাইয়েরা রাস্তাটি বন্ধ করে দিয়েছেন। এ নিয়ে এলাকায় একাধিকবার বৈঠক হলেও তারা তা মানেননি। পরে তারা পরিবারের সদস্যদের ওপর হামলা করেন বলে অভিযোগ করেন মানিক।
শিমু আক্তার অভিযোগ করেন, শ্বশুর ও ভাশুরকে মারধরের দৃশ্য মুঠোফোনে ধারণ করতে গেলে তার জেঠাতো দেবর মামুন তার দিকে তেড়ে আসেন। এ সময় তার গায়ের ওড়না টানাহেঁচড়া করে গলা থেকে স্বর্ণের চেইন খুলে নেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
সোমবার বিকেল ৩টার দিকে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. আরমান হোসেন জানান, মারামারির ঘটনায় একই পরিবারের এক নারীসহ তিনজন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এদিকে অভিযুক্ত মামুনও একই সময়ে জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে গণমাধ্যমকর্মীদের উপস্থিতি টের পেয়ে তিনি হাসপাতাল থেকে সরে যান। এ কারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস




