বরিশাল নগরীর সিএন্ডবি রোডে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের ঘটনায় সাবেক ছাত্রলীগ ও যুবলীগের ১২৭ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মামলায় সাতজনের নাম উল্লেখ করে ১২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলার বাদী কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম।
ওসি বলেন, গত ১৮ নভেম্বর ভোররাতে নগরীর সিএন্ডবি রোডে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের ঘটনায় মামলাটি দায়ের করা হয়েছে। এ মামলায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
মামলার এজাহারে নাম উল্লেখ করা আসামিরা হলেন নগরীর কাশিপুর এলাকার গনি ঢালীর ছেলে সোহাগ ঢালী, আলেকান্দা এলাকার শহিদ ইসলামের ছেলে সাইফুল ইসলাম, ব্রাউন কম্পাউন্ড এলাকার সবুজ মৃধার ছেলে মারুফ হোসেন, ভাটারখাল এলাকার আলমগীর ব্যাপারীর ছেলে রুবেল হোসেন, হালিম শাহর ছেলে সাদ্দাম শাহ, আইয়ুব আলীর ছেলে কবুতর সুমন এবং জেলা স্কুল এলাকার নাহিদ। এ ছাড়া অজ্ঞাতনামা ১২০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলার আসামিরা বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য।
প্রতিনিধি/এসএস




