রাস পূর্ণিমা উপলক্ষে দুবলার চরে যাওয়ার পথে ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকা পুণ্যার্থীবাহী একটি বোটসহ ২৯ জনকে নিরাপদে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।
তিনি জানান, গত ২১ নভেম্বর রাত ১১টার দিকে রাস পূর্ণিমা উপলক্ষে ডাংমারি ফরেস্ট অফিস থেকে প্রয়োজনীয় পাস সংগ্রহ করে দুবলার চরের উদ্দেশে যাত্রা শুরু করে পুণ্যার্থীবাহী বোটটি। পরদিন ২২ নভেম্বর রাত ৮টার দিকে রূপের গাং-সংলগ্ন এলাকায় পৌঁছালে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে বোটটি নদীতে ভাসতে থাকে এবং যাত্রা ব্যাহত হওয়ায় বিপাকে পড়েন বোটে থাকা পুণ্যার্থীরা।
এ অবস্থায় বোটে থাকা এক পুণ্যার্থী কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১ ফোন করে সহায়তা চান। খবর পেয়ে কোস্টগার্ড আউটপোস্ট দুবলার সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে লইট্টা খালি খাল এলাকা থেকে বিকল বোটসহ ২৯ জন পুণ্যার্থীকে নিরাপদে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর পুণ্যার্থীদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়েছে। তাদের পরবর্তী গন্তব্য দুবলার চরের রাস উৎসবে নিরাপদে পৌঁছে দেওয়া হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত আরও বলেন, জনসেবায় কোস্টগার্ড সর্বদা নিয়োজিত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এলএ




