সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

মায়ের সঙ্গে ফোনে কথা বলায় স্ত্রীর কব্জি বিচ্ছিন্ন করার অভিযোগ স্বামীর

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পিএম

শেয়ার করুন:

মায়ের সঙ্গে ফোনে কথা বলায় স্ত্রীর কব্জি বিচ্ছিন্ন করার অভিযোগ স্বামীর
আহত গৃহবধূ তিথি (৩০)।

যশোরে মায়ের সঙ্গে মুঠোফোনে কথা বলাকে কেন্দ্র করে তিথি (৩০) নামে এক গৃহবধূর বাঁ হাতের কব্জি ধারালো দা দিয়ে কেটে বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে তার স্বামী বিল্লালের (৪০) বিরুদ্ধে।

রোববার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে যশোর শহরের চাঁচড়া ডালমিল এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূকে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল জেলার মিরাপাড়া এলাকার মৃত পাঞ্জমিনার ছেলে বিল্লাল স্ত্রী তিথিকে নিয়ে যশোর শহরের চাঁচড়া ডালমিল এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন। রোববার রাতে তিথি তার মায়ের সঙ্গে মুঠোফোনে কথা বলছিলেন। এ বিষয়টি নিয়ে স্বামী বিল্লালের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বিল্লাল স্ত্রীর দুই হাত দড়ি দিয়ে খাটের সঙ্গে বেঁধে ফেলেন। এরপর ধারালো দা দিয়ে তার বাঁ হাতের কব্জিতে কোপ দেন। এতে কব্জিটি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তিথি অসুস্থ হয়ে পড়েন।

ঘটনার পর রাত আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে অভিযুক্ত বিল্লাল নিজেই স্ত্রীকে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। তবে আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে বিল্লাল ও তার মা অ্যাম্বুলেন্সে করে আহত তিথিকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাজীব রয় চৌধুরী জানান, রক্তাক্ত অবস্থায় ওই গৃহবধূকে তার স্বামী জরুরি বিভাগে নিয়ে আসেন। তার শারীরিক অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, বিষয়টি খোঁজখবর নেওয়া হচ্ছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর