সাগরের উত্তাল ঢেউ, চারদিকে বিস্তীর্ণ জলরাশি। নেই কোনো ট্রলার, ইঞ্জিন কিংবা জ্বালানি। সম্বল বলতে কয়েকটি ড্রাম ও ফ্লোট (বয়া), মাছ ধরার জাল আর নিজের শারীরিক শক্তি। এভাবেই জীবিকার সন্ধানে প্রতিদিন সাগরে নামেন নাসির হাওলাদার। সাঁতরে গিয়ে জাল পাতেন, মাছ ধরেন, আবার সাঁতরে ফিরে আসেন সৈকতে। এভাবে কেটে গেছে তাঁর জীবনের প্রায় ২০ বছর।
৪৩ বছর বয়সী নাসির পটুয়াখালীর কুয়াকাটা পৌর এলাকার নবীনপুর গ্রামের বাসিন্দা। ছোটবেলা থেকেই সাগর ও নদীর পরিবেশে বেড়ে ওঠা তার। জীবিকার প্রয়োজনে ২৩ বছর বয়সে মাছ ধরার পেশায় যুক্ত হন। সেই থেকে সাগরই তার জীবিকার প্রধান অবলম্বন। ড্রাম-ফ্লোটে ভেসে মাছ ধরে চলে পাঁচ সদস্যের সংসার।
নাসির জানান, একসময় একটি মাছ ধরার ট্রলার তৈরি করেছিলেন। কিন্তু ব্যবসায় লোকসান হওয়ায় প্রায় পাঁচ লাখ টাকা ঋণের বোঝা তৈরি হয়। ঋণ পরিশোধ করতে না পেরে শেষ পর্যন্ত ট্রলারটি বিক্রি করে দিতে হয়। এরপর আবার ফিরে আসেন ড্রাম-ফ্লোটে মাছ ধরার পেশায়।

সৈকত থেকে প্রায় দুই থেকে তিন কিলোমিটার দূরে পাঁচটি জাল পাতেন তিনি। ভাটার সময় সাগরে নেমে মাছ সংগ্রহ করেন। কোনো দিন জালে পাঁচ থেকে ১৫ কেজি মাছ পাওয়া যায়, আবার কোনো দিন একটি মাছও মেলে না। ইলিশ, কোরাল, টেংরা, পোয়াসহ বিভিন্ন প্রজাতির মাছ ও কাঁকড়া ধরা পড়ে তার জালে।
দীর্ঘ অভিজ্ঞতা থাকলেও সাগরের ঝুঁকি কমেনি। রাতের অন্ধকারে মাছ ধরতে সঙ্গে রাখেন ছোট একটি লাইট। প্রবল স্রোতে কখনো কখনো তীর থেকে আধা কিলোমিটার থেকে এক কিলোমিটার দূরে ভেসে যান। নিজের চোখের সামনে মাছ ধরার নৌকা ডুবতে এবং জেলেদের সাগরে হারিয়ে যেতেও দেখেছেন তিনি। আবার আবহাওয়া খারাপ হলে স্রোতে ভেসে যায় তার পেতে রাখা জাল। নতুন জাল কিনতে প্রয়োজন হয় প্রায় ২০ হাজার টাকা, যা সংগ্রহ করাও তার জন্য কঠিন।
নাসির বলেন, ২০ বছর ধরে এভাবেই মাছ ধরছি। সাগরে কখন কী হয়, বলা যায় না। তবুও পেটের দায়ে প্রতিদিন সাগরে নামতে হয়। মাছ পেলে সংসার চলে, না পেলে খালি হাতেই ফিরতে হয়।

নাসিরের স্ত্রী রাবেয়া বেগম বলেন, রাতে ছোট্ট একটি লাইট নিয়ে একা সাগরে মাছ ধরতে গেলে আমার চোখে ঘুম আসে না। উত্তাল ঢেউ আর অন্ধকার সাগরের কথা ভেবে সারারাত দুশ্চিন্তায় থাকি। যতক্ষণ না নিরাপদে বাড়ি ফিরে আসে, ততক্ষণ অপেক্ষা করি। প্রতিটি রাতেই ভয় হয়, সে সুস্থভাবে ফিরবে তো!
নাসিরের মতো কুয়াকাটায় আরও তিনজন ড্রাম-ফ্লোটে ভেসে মাছ ধরে জীবিকা নির্বাহ করছেন। তারা হলেন— সগীর মোল্লা, মানুন ও রাসেল। পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে সাগরে নামেন তারা।
ব্লু অ্যাকশন ফান্ডের অর্থায়নে পরিচালিত ডব্লিউসিএস (WCS) ও ওয়ার্ল্ডফিশের ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, জীবিকার তাগিদে তাদের এই সংগ্রাম প্রশংসনীয় হলেও নিরাপত্তার বিষয়টি উদ্বেগজনক। যেকোনো সময় ঢেউ, স্রোত কিংবা আবহাওয়ার পরিবর্তনে দুর্ঘটনা ঘটতে পারে। তাই তাদের লাইফ জ্যাকেট, প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম ও প্রশিক্ষণ দেওয়া জরুরি।

কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামান বলেন, ড্রাম-ফ্লোট নিয়ে সাগরে মাছ ধরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিষয়টি নিয়ে তাদের সঙ্গে আলোচনা করা হবে। পাশাপাশি লাইফ জ্যাকেট ও জরুরি উদ্ধারব্যবস্থা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।
আরও পড়ুন
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, তাদের ঠিকানা সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে। মৎস্য বিভাগের পক্ষ থেকে নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে। পাশাপাশি উপজেলা প্রশাসন ও এনজিওর মাধ্যমে আর্থিক সহযোগিতার বিষয়টিও বিবেচনা করা হবে।
প্রতিনিধি/টিবি




