পকেটে সামান্য টাকা, সম্বল মাত্র ছয় হাজার টাকায় কেনা একটি সাধারণ সাইকেল। সেই সাইকেল নিয়েই ১৪৮ দিনে দেশের ৬৪ জেলার ৫০৩টি উপজেলা ঘুরে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ময়মনসিংহের মুক্তাগাছার ২৩ বছর বয়সী তরুণ মোহাম্মদ খাইরুল ইসলাম। টিউশনি করে জমানো টাকায় কেনা সাইকেল নিয়ে তার এই ব্যতিক্রমী অভিযান শুধু নিজের স্বপ্নপূরণ নয়, বরং তরুণ প্রজন্মের কাছে দৃঢ় মনোবল, অধ্যবসায় ও পরিবেশবান্ধব জীবনযাপনের এক অনন্য বার্তা।
খাইরুলের দাবি, একটানা সাইকেল চালিয়ে দেশের ৫০৩টি উপজেলা ভ্রমণের এমন নজির বাংলাদেশে প্রথম।
খাইরুলের সঙ্গে কথা বলে জানা যায়, গত ৯ জুন ২০২৬ সকাল ৮টায় শেরপুরের নকলা উপজেলা থেকে শুরু হয় তার দেশজয়ের এই অভিযান। এরপর রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলার পথ পাড়ি দেন তিনি। মেঠোপথ, দুর্গম পাহাড়ি জনপদ, বিস্তীর্ণ হাওর ও ব্যস্ত মহাসড়ক পেরিয়ে গত ৩ নভেম্বর সকাল ১০টা ৪৩ মিনিটে নিজ উপজেলা মুক্তাগাছায় ফিরে শেষ করেন ১৪৮ দিনের দীর্ঘ যাত্রা।
এই অভিযানের উদ্দেশ্য শুধু দেশ ভ্রমণ ছিল না। গ্রামীণ বাংলার প্রকৃতি, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনযাত্রা কাছ থেকে দেখা এবং পরিবেশ সচেতনতা ছড়িয়ে দেওয়াও ছিল তার অন্যতম লক্ষ্য।
দীর্ঘ এই অভিযানে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের জীবনযাত্রা ও প্রকৃতির বৈচিত্র্য কাছ থেকে দেখেছেন খাইরুল। উত্তরবঙ্গের মানুষের আন্তরিকতা ও আতিথেয়তা তাকে মুগ্ধ করেছে। অপরিচিত পথিক হয়েও স্থানীয় মানুষের কাছ থেকে পেয়েছেন খাবার ও আশ্রয়। অন্যদিকে নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, সুনামগঞ্জ ও সিলেটের সীমান্তবর্তী এলাকার হাওর ও প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করলেও সেখানকার প্রান্তিক মানুষের দারিদ্র্য তাকে গভীরভাবে ভাবিয়েছে।
তবে দীর্ঘ এই পথচলা ছিল না সম্পূর্ণ নির্বিঘ্ন। মানিকগঞ্জ ও টাঙ্গাইলের সীমান্তবর্তী এলাকায় ছিনতাইকারীদের কবলেও পড়তে হয়েছিল তাকে। নানা প্রতিকূলতা ও বাধা অতিক্রম করে শেষ পর্যন্ত নিজের লক্ষ্য পূরণ করেন এই সাহসী তরুণ।
মুক্তাগাছা উপজেলার ঈশ্বরগ্রামের এক নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান খাইরুল। বাবা প্রয়াত সমেদ আলী ও মা জরিনা বেগমের সংসারে আর্থিক অনটন ছিল নিত্যসঙ্গী। ছোটবেলা থেকেই সাইকেলের প্রতি প্রবল আগ্রহ থাকলেও পরিবারের অসচ্ছলতার কারণে শখ পূরণের সামর্থ্য ছিল না। শহীদ স্মৃতি সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী খাইরুল টিউশনি করে অর্থ জমিয়ে ২০২২ সালে ছয় হাজার টাকায় নিজের স্বপ্নের সাইকেলটি কেনেন। সেই সাধারণ সাইকেলই আজ তাকে এনে দিয়েছে অসাধারণ পরিচিতি।
এর আগেও সাইকেল নিয়ে বেশ কয়েকটি ব্যতিক্রমী অভিযান সম্পন্ন করেছেন খাইরুল। হালুয়াঘাট থেকে কুয়াকাটা ভ্রমণ, রোজা রেখে টেকনাফ থেকে তেঁতুলিয়া পাড়ি, ৪৪ দিনে ৬৪ জেলা ভ্রমণ এবং ২৪ ঘণ্টায় ৩০০ কিলোমিটার সাইকেল চালানোর মতো কৃতিত্ব রয়েছে তার ঝুলিতে।
খাইরুলের উদ্যোগে এলাকায় গড়ে উঠেছে ‘মুক্তাগাছা সাইক্লিস্ট’ নামের একটি সংগঠন। সংগঠনটি শত শত তরুণকে সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত জীবনযাপনে উদ্বুদ্ধ করছে।
সংগঠনটির লিডার নূরে আলম মিঠু বলেন, খাইরুলের এই অর্জন স্থানীয় তরুণদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তার সাফল্য অন্যদেরও ইতিবাচক কাজে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।
উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব জাহাঙ্গীর আলম সোহেলের মতে, খাইরুলের এই অভিযানের মধ্য দিয়ে সারা দেশে মুক্তাগাছা নতুন করে পরিচিতি পেয়েছে।
আরও পড়ুন
মুক্তাগাছার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৃষ্ণ চন্দ্র বলেন, সীমিত সামর্থ্য নিয়ে এত দীর্ঘ পথ পাড়ি দেওয়া সত্যিই প্রশংসনীয়। তার এই অর্জন তরুণদের ইতিবাচক মানসিকতা গঠনে অনুপ্রেরণা জোগাবে।
প্রতিনিধি/টিবি




