লগি-বৈঠার রাজনীতি, পেট্রোল বোমার রাজনীতি এবং সহিংসতার সংস্কৃতি আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছে। শেখ হাসিনা বার্ন ইউনিট প্রতিষ্ঠা করেছিলেন, অথচ নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডে মানুষকে আহত করে সেই বার্ন ইউনিটে পাঠানো হতো। পরে আবার ক্যামেরা নিয়ে সেই ঘটনাগুলো ধারণ করতে যেতেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু।
তিনি বলেন, আওয়ামী লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে। ২০২৬ সালে এসে দলটির অতীত কর্মকাণ্ডের প্রমাণ সামনে এসেছে, যা বাংলাদেশের জন্য দুর্ভাগ্যজনক।
রোববার (২২ নভেম্বর) বিকেলে ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলা যুবদলের আয়োজনে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে জয়বাংলা মোড়ে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যকলাপ ও নৈরাজ্যের প্রতিবাদে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ আর কারও কথায় নাচবে না। একসময় নির্যাতিত মানুষের মুখে স্লোগান ছিল, হাসিনারে, হাসিনা তোর কথায় নাচি না। সেই সময়ের মানুষকে ভয় দেখিয়ে দমন করার চেষ্টা করা হলেও জনগণ শেষ পর্যন্ত নিজেদের অধিকার প্রতিষ্ঠার পথে এগিয়েছে।
আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, বিদেশে বসে আপনারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন। হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে শিশু হত্যার নির্দেশ, গুম, খুনসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে আপনাদের বিরুদ্ধে। ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ অনেক নেতা, ছাত্র ও যুবককে গুম-খুন করে তাদের পরিবারের বুক খালি করেছেন। এখন নিজেরাই দেশ ছেড়ে পালিয়ে গেছেন।
শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, জুলাই-আগস্টে মানুষের এক দফা দাবি ছিল ফ্যাসিবাদের পতন ও গণতন্ত্র প্রতিষ্ঠা। কেউ তাকে দেশ ছেড়ে পালানোর দাবি জানায়নি। তিনি নিজেই দেশ ছেড়ে চলে গেছেন।
শামা ওবায়েদ আরও বলেন, বর্তমানে দেশের অর্থনীতি, ব্যাংকিং খাত, নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থানে ইতিবাচক পরিবর্তন হচ্ছে। তারেক রহমানের উদ্যোগে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও প্রবাসী কার্ড চালুর পাশাপাশি মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগও আবার বাড়ছে। এসব অগ্রগতি আওয়ামী লীগের ভালো লাগছে না বলেও মন্তব্য করেন তিনি।
নগরকান্দা উপজেলা যুবদলের আহ্বায়ক তৈয়বুর রহমান মাসুদের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন— জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিববুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরিফ, সালথা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. আসাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদ, জেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, সালথা উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফ, সদস্য সচিব এনায়েত হোসেন প্রমুখ।
প্রতিনিধি/টিবি




