সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

আখাউড়ায় বিস্ফোরক মামলায় এনসিপি নেতা গ্রেফতার, থানা ফটকে হাতাহাতি

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া 
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ০১:২৬ এএম

শেয়ার করুন:

আখাউড়ায় বিস্ফোরক মামলায় এনসিপি নেতা গ্রেফতার, থানা ফটকে হাতাহাতি
ছবির বামে গ্রেফতারকৃত এনসিপি নেতা সায়েব আলী, ডানে থানা ফটকে হাতাহাতির চিত্র

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি'র) মোগড়া ইউনিয়নের প্রধান সমন্বয়কারী ও মোগড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে এনসিপি মনোনীত প্রার্থী সায়েব আলীকে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে পুলিশ তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। 

পুলিশের দাবি, গ্রেফতারকৃত সায়েব আলী জুলাই আন্দোলনে বিস্ফোরক মামলার আসামি। সেই মামলায় রাতে তাকে গ্রেফতার করা হয়। 

এ ঘটনায় এনসিপি নেতাকর্মীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। তারা ঘটনার পরপর রাতেই আখাউড়া থানা ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এবং গ্রেফতার সাহেব আলির মুক্তি চান। 

অভিযোগ উঠেছে, থানা ফটকে অবস্থানকালে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এনসিপি নেতাকর্মীদের উপর হামলা চালায় ও ধাওয়া দেয়। 

কেন্দ্রীয় এনসিপির যুগ্ম সদস্যসচিব মো. আতাউল্লাহ বলেন, সায়েব আলী আওয়ামী লীগ নেতা নন কিংবা তার দলীয় কোন পদবীও নেই। বরং ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির লোকজন প্রতিহিংসাবশত এ ঘটনা ঘটিয়েছে। 

তিনি বলেন, ঘটনার পর এনসিপির আখাউড়া  উপজেলার আহ্বায়ক, সদস্যসচিবসহ নেতাকর্মীরা থানা ফটকে অবস্থান নিয়েছিলেন। এ সময় পুলিশ সদস্যরা বিষয়টি নিয়ে আলোচনা করাকালে স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মীরা এনসিপির নেতাকর্মীদের উপর হামলা করে। 

যদিও বিএনপির পক্ষ থেকে হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে। এ বিষয়ে আখাউড়া  উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু বলেন, এনসিপির পক্ষ থেকে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মারধরের যে অভিযোগ আনা হচ্ছে তা মিথ্যা। বরং বিস্ফোরক মামলায় একজনকে গ্রেফতারের ঘটনায় এনসিপির নেতাকর্মীরা থানা ফটোকে অস্থিরতা করছিল। এ নিয়ে পুলিশ ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। সে সময় কয়েকজন বিএনপি নেতাকর্মীরা তাদের মধ্যে বিষয়টি সুরাহা করে দেয়। 

আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ বলেন, জুলাই আন্দোলনের বিস্ফোরক মামলায় এজাহার নামীয় আসামি হিসেবে সায়েব আলীকে গ্রেফতার করা হয়েছে। এটি ২০২৪ সালের মামলা। খবর পেয়ে এনসিপির নেতাকর্মীরা থানা ফটকে এসেছিল সেখানে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে তাদের কিছু সমস্যা হয়েছে। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর