রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ঢাকা

মাগরিবের নামাজ পড়ে বাড়ি ফেরা হলো না মাইন উদ্দিনের

জেলা প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১০:৪০ পিএম

শেয়ার করুন:

মাগরিবের নামাজ পড়ে বাড়ি ফেরা হলো না মাইন উদ্দিনের
মৃত দলিল লেখক মাইন উদ্দিন। ছবি: ঢাকা মেইল

নোয়াখালী কোম্পানিগঞ্জে কোম্পানীগঞ্জ-সোনাপুর আঞ্চলিক সড়কে ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দলিল লেখক মাইন উদ্দিনের (৩৬) নামে একজনের মৃত্যু হয়েছে। 

রোববার (২২ নভেম্বর) বিকেলে উপজেলা রেজিস্ট্রার অফিসের সামনে এ ঘটনা ঘটে । 

নিহত মাইন উদ্দিন কবিরহাট উপজেলার দলিল লেখক এবং কবিরহাট উপজেলার ভাটিয়া ইউনিয়নের দৌলত রামদি গ্রামের আবদুল কাদেরের ছেলে। 

মাইন উদ্দিনের বন্ধু ও কোম্পানীগঞ্জের স্থানীয় দলিল লেখক এএসএম নুর হোসাইন মিল্লাত জানান, আমরা একসাথে কোম্পানীগঞ্জ রেজিস্ট্রার অফিস সংলগ্ন মসজিদে মাগরিবের নামাজ আদায় করি। নামাজ শেষে আমি আমার অফিসে আসি এবং মাইন উদ্দিন বাড়ি ফেরার উদ্দেশে সিএনজিতে ওঠে। গাড়িতে ওঠার পরপরই একটি ট্রাক্টর এসে গ্যাসচালিত সিএনজিচালিত অটোরিকশাটিকে ধাক্কা দেয়। সংঘর্ষে মাইন উদ্দিন ঘটনাস্থলেই গুরুতর আহত হন। প্রথমে তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফেনীতে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয় অভিযোগ করেন, অবৈধ ট্রাক্টর এই সড়কে চলতি বছরে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বারবার এমন প্রাণহানির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত কার্যকর পদক্ষেপ ও নিরাপদ সড়কের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, দুর্ঘটনার বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে, পরিবার সাথে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর