কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১৩টি গ্রেনেড, ৭৬ রাউন্ড মেশিনগানের (এমজি) গুলি ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। পরে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দল উদ্ধার করা গ্রেনেডগুলো নিরাপদে ধ্বংস করেছে।
রোববার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় এ অভিযান চালানো হয়। পরে শনিবার আদালতের নির্দেশনায় শীলখালী এয়ার ডিফেন্স ফায়ারিং রেঞ্জে বিস্ফোরকগুলো ধ্বংস করা হয়।
এসআরবি-১৫ জানায়, উদ্ধার করা বিস্ফোরকের মধ্যে সাতটি সাধারণ গ্রেনেড ও ছয়টি এজিএল গ্রেনেড রয়েছে। এ ছাড়া ৭৬ রাউন্ড এমজি গুলি, একটি খালি ম্যাগাজিন ও একটি পুরোনো ব্যাটারিচালিত ইজিবাইক জব্দ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) জানতে পারে, দমদমিয়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি মোহাম্মদ আয়াজ ওরফে রুবেল (২৭) সহযোগীদের নিয়ে রোহিঙ্গা ক্যাম্প-২৭-এর সি ব্লকের সাব-ব্লক সি-১২-সংলগ্ন নেচার পার্কের লাল গেটের সামনে একটি ইজিবাইকে অবস্থান করছেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সেখানে অভিযান চালানো হয়।
অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে রুবেল ও অজ্ঞাতপরিচয় তিন-চারজন ব্যক্তি ইজিবাইকের পেছনের যাত্রী বসার স্থানে একটি পুরোনো সাদা প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যান। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে বস্তাটি তল্লাশি করে গ্রেনেড, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।
এসআরবি-১৫ জানায়, উদ্ধার করা গ্রেনেডগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় সেগুলো পরিবহন ও সংরক্ষণে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল। এ কারণে গ্রেনেডগুলো ধ্বংসের অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হয়। পরে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৫ (নন-জিআর) ১০ পদাতিক ডিভিশনের জিএস শাখাকে বিস্ফোরকগুলো ধ্বংস ও নিষ্ক্রিয় করার নির্দেশ দেন। আদালতের নির্দেশনা অনুযায়ী সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দল গ্রেনেডগুলো ধ্বংস করে।
প্রতিনিধি/এসএস




