চট্টগ্রামের মিরসরাইয়ে নির্মাণাধীন শফিউল আলম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গ্রিল চুরির চেষ্টার অভিযোগে ইকবাল হোসেন (৩৩) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার মায়ানী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠান রিভার প্রজেক্টের সিকিউরিটি অফিসার মো. আমিনুল ইসলাম বাদী হয়ে বিদ্যালয়ের নাইট গার্ডসহ দুজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও তিন-চারজনকে আসামি করে মামলা করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৯টার দিকে নির্মাণাধীন বিদ্যালয় ভবনের দ্বিতীয় তলা থেকে বিপুল পরিমাণ গ্রিল, প্লেটবার ও রড অটোরিকশায় করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন কয়েকজন। এ সময় স্থানীয়রা ধাওয়া করে রিয়াদ হোসেন ও ইকবাল হোসেনকে আটক করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে ইকবাল হোসেনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। তবে রিয়াদ হোসেন ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বিদ্যালয়ের নির্মাণাধীন দ্বিতীয় তলার বারান্দা থেকে তিনটি প্লেটবার বা গ্রিল চুরির চেষ্টা করা হয়। এসব গ্রিলের মোট ওজন ৩৬০ কেজি। এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের সিকিউরিটি অফিসার মো. আমিনুল ইসলাম বাদী হয়ে বিদ্যালয়ের নাইট গার্ড রিয়াদ হোসেন (২৫) ও ইকবাল হোসেনের (৩৩) নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও তিন-চারজনের বিরুদ্ধে মামলা করেন।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, মায়ানীতে বিদ্যালয়ের গ্রিল চুরির চেষ্টার অভিযোগে স্থানীয়দের সহায়তায় ইকবাল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের সিকিউরিটি অফিসার বাদী হয়ে বিদ্যালয়ের নাইট গার্ডসহ দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও তিন-চারজনকে আসামি করে মামলা করেছেন। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিনিধি/এসএস




