ঢাকার দোহার উপজেলার উত্তর জয়পাড়া মিয়াপাড়া এলাকায় ট্রান্সফরমার বিকল হয়ে তিন দিন ধরে বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন ৪২ পরিবারের সদস্যরা। পল্লী বিদ্যুতের গাফিলতির কারণে তাদের এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ গ্রাহকদের। এদিকে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষা শুরু হওয়ায় বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীদের পড়াশোনায় মারাত্মক বিঘ্ন ঘটছে বলে জানিয়েছেন অভিভাবকেরা।
স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর জয়পাড়া মিয়াপাড়া সোনা মিয়া মাঠসংলগ্ন এলাকায় গত শুক্রবার সন্ধ্যার পর বিদ্যুতের ট্রান্সফরমারটি বিকল হয়ে পড়ে। এতে ওই ট্রান্সফরমারের আওতাধীন ৪২টি পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। বিদ্যুৎ না থাকায় ফ্যান, লাইট ও ফ্রিজসহ বৈদ্যুতিক যন্ত্রপাতি অচল হয়ে গেছে। গ্রাহকদের অভিযোগ, ফ্রিজে রাখা মাছ-মাংস নষ্ট হয়ে পচতে শুরু করেছে। অনেক পরিবার পানির সংকটেও পড়েছে।
এলাকার বাসিন্দা হানিফ চৌধুরী বলেন, ট্রান্সফরমার বিকল হওয়ার পরপরই তারা পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে বিষয়টি জানান। এরপর কর্মকর্তারা ট্রান্সফরমারের আওতাধীন গ্রাহকদের কাছ থেকে বিদ্যুৎ বিল সংগ্রহ করে নিয়ে যান এবং পরদিন ট্রান্সফরমার বসানোর আশ্বাস দেন। তবে শনিবার বিদ্যুৎ কর্মকর্তারা ফোন করে জানান, অতিরিক্ত লোডের কারণে ট্রান্সফরমারটি পুড়ে গেছে। নতুন ট্রান্সফরমার নিতে ৩০ হাজার টাকা লাগবে বলেও তাকে জানানো হয়।
মো. হোসেন নীলু বলেন, ট্রান্সফরমারে অতিরিক্ত লোড থাকলে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ আগে গ্রাহকদের বিষয়টি জানায়নি। এখন ট্রান্সফরমার নষ্ট হওয়ার পর ৩০ হাজার টাকা দিলে নতুন ট্রান্সফরমার দেওয়া হবে বলে জানানো হচ্ছে। এতে গ্রাহকদের বিপাকে ফেলে টাকা আদায়ের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তবে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির দোহার জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. বাদল মিয়া বলেন, ওই ট্রান্সফরমারের আওতাধীন গ্রাহকেরা নির্ধারিত লোডের চেয়ে বেশি বিদ্যুৎ ব্যবহার করায় এ ঘটনা ঘটেছে। এখন গ্রাহকদের টাকা দিয়ে বেশি লোডের ট্রান্সফরমার কিনে নিতে হবে।
প্রতিনিধি/এসএস




