ময়মনসিংহে চলন্ত অবস্থায় আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের চারটি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। বগির সংযোগস্থলের হুক (কাপলিং) ভেঙে এ ঘটনা ঘটে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় আধাঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে বিচ্ছিন্ন বগিগুলো আবার সংযুক্ত করে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।
রোববার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর সুতিয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি সুতিয়াখালী এলাকা অতিক্রম করার সময় বগির সংযোগস্থলের হুক ভেঙে যায়। এতে পেছনের চারটি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে। অন্যদিকে, ট্রেনের ইঞ্জিনসহ সামনের অংশ কয়েকশ গজ এগিয়ে যায়।
ওসি আরও জানান, বিষয়টি বুঝতে পেরে চালক ট্রেনটি থামান। পরে পেছনে ফিরিয়ে বিচ্ছিন্ন হয়ে পড়া বগিগুলোর কাছে নেওয়া হয়। রেলওয়ের কর্মীরা মেরামত ও সংযোগের কাজ শেষে বিকেল ৫টার দিকে বগিগুলো আবার যুক্ত করেন। এরপর ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।
এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় ৩০ মিনিট ট্রেন চলাচল বন্ধ থাকলেও বর্তমানে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
এর আগে গত ২৭ অক্টোবর বেলা পৌনে ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেন গফরগাঁও উপজেলার কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকায় পৌঁছালে বগির সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটে।
প্রতিনিধি/এলএ




