চট্টগ্রামের মিরসরাইয়ে সন্ত্রাসবিরোধী আইনে ইউনিয়ন যুবলীগের এক নেতাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রোববার (২২ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন উপজেলার মঘাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. নুরুল মোস্তফার ছেলে পলাশ মেম্বার (৪৮) এবং ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর হাদিফকিরহাট এলাকার জয়নাল আবেদীনের ছেলে মোহাম্মদ সাহাবউদ্দিন (৩০)। পলাশ মঘাদিয়া ইউনিয়ন যুবলীগের সদস্য এবং সাহাবউদ্দিন একটি মামলায় থানার পরোয়ানাভুক্ত আসামি।
ওসি ফরিদা ইয়াসমিন বলেন, শনিবার রাতে পৃথক অভিযান চালিয়ে সরকার ঘোষিত নিষিদ্ধ সংগঠন যুবলীগের মঘাদিয়া ইউনিয়নের সক্রিয় সদস্য পলাশ মেম্বারকে সন্ত্রাসবিরোধী আইনে এবং পরোয়ানাভুক্ত আসামি মোহাম্মদ সাহাবউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রোববার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এসএস




