বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারের পর্যটনশিল্পে নতুন মাত্রা যোগ করতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন মাসব্যাপী ‘কক্সবাজার পর্যটন কার্নিভ্যাল ২০২৬’।
রোববার (২২ নভেম্বর) বিকেলে শহরের হোটেল শৈবাল সৈকত প্রাঙ্গণে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আগামী ৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত চলবে এ কার্নিভ্যাল।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে এবং স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের ব্যবস্থাপনায় সৈকতসংলগ্ন ৩৫ একর এলাকাজুড়ে এ কার্নিভালের আয়োজন করা হয়েছে। ‘ওয়েভ অব এক্সপেরিয়েন্স’ প্রতিপাদ্য এবং ‘ফ্যামিলি ফান উইথ সান, সি অ্যান্ড স্টারস’ স্লোগানে আয়োজিত এ উৎসব পর্যটকদের জন্য ২৪ ঘণ্টা উন্মুক্ত থাকবে।

উৎসবে পর্যটকদের জন্য প্রায় ১৫টি বিশেষ জোন তৈরি করা হয়েছে। এর অন্যতম আকর্ষণ দেশি ও আন্তর্জাতিক শিল্পীদের তৈরি বালুর ভাস্কর্য। এসব ভাস্কর্যে বাংলাদেশের প্রকৃতি, ঐতিহ্য ও জীবনযাত্রা ফুটিয়ে তোলা হয়েছে।
হোটেলকেন্দ্রিক ভ্রমণের বাইরে ভিন্ন অভিজ্ঞতা দিতে সমুদ্রসৈকতে ক্যাম্পিং, ক্যাম্পফায়ার এবং রাতে তারাভরা আকাশ পর্যবেক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া থাকছে গো-কার্টিং, কায়াকিং, বিচ স্পোর্টস, সাংস্কৃতিক অনুষ্ঠান, উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী, কিডস জোন, ক্রাফট ভিলেজ, মার্কেটপ্লেস ও ওয়েলনেস সেন্টার। ভোজনরসিকদের জন্য বিভিন্ন ফুড স্টলের পাশাপাশি একসঙ্গে প্রায় তিন হাজার মানুষের বসে খাবার খাওয়ার ব্যবস্থা রয়েছে।

আয়োজন প্রসঙ্গে বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক মো. গনি উল আজম বলেন, বর্ণিল এ আয়োজনের মধ্য দিয়ে কক্সবাজারের পর্যটনে নতুন মাত্রা যুক্ত হবে এবং দেশি-বিদেশি পর্যটকদের কাছে জেলার আকর্ষণ আরও বাড়বে।
নিরাপত্তার বিষয়ে বাস্তবায়নকারী প্রতিষ্ঠান স্পেলবাউন্ড কমিউনিকেশনসের প্রতিনিধি আহমেদ সুপ্রতিম জানান, বিদেশি পর্যটকদের কাছে নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়টি বিবেচনায় নিয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় প্রশিক্ষিত কর্মীদের পাশাপাশি পুরো এলাকায় সিসিটিভি ও এআই প্রযুক্তির মাধ্যমে নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দিন-রাত ২৪ ঘণ্টার এ আয়োজন পর্যটকদের অবস্থানের সময় বাড়ানোর পাশাপাশি স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করবে।
প্রতিনিধি/এসএস




