রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ঢাকা

কৃষক দল নেতা হত্যা: নিক্সন চৌধুরীসহ ২৪৬ জনের বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ০৭:২২ পিএম

শেয়ার করুন:

কৃষক দল নেতা হত্যা: নিক্সন চৌধুরীসহ ২৪৬ জনের বিরুদ্ধে মামলা
যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন।

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সদস্যদের হামলায় ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনকে প্রধান আসামি করে ২৪৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। হত্যাকাণ্ডের চার দিন পর করা মামলায় ৯৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় আরও ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) দুপুরে নিহত রাজু মোল্লার স্ত্রী রিয়া বেগম ভাঙ্গা থানায় মামলাটি করেন। মামলার পর আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর রাত ৯টার দিকে আওয়ামী লীগের ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ভাঙ্গা উপজেলার হামিরদী এলাকায় ফরিদপুর-বরিশাল মহাসড়কে সংঘর্ষ ও সহিংসতা ছড়িয়ে পড়ে। বিভিন্ন এলাকা থেকে আসা আওয়ামী লীগের কয়েকশ সমর্থক অগ্নিসংযোগ, বিএনপি কার্যালয়ে ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও গোলাগুলিতে জড়িয়ে পড়েন। এ সময় অস্ত্র নিয়ে মহড়া দেওয়ারও অভিযোগ ওঠে।

বাড়ি ফেরার পথে ওই হামলাকারীদের সামনে পড়েন ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা। অভিযোগ অনুযায়ী, তাকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। এ সময় তার মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়।

হত্যাকাণ্ডের পর থেকেই ভাঙ্গা উপজেলায় উত্তেজনা বিরাজ করছিল। ১৯ নভেম্বর মহাসড়কে রাজু মোল্লার জানাজা শেষে উপজেলার বাকপুরা গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। 

নিহত রাজু মোল্লার স্ত্রী রিয়া বেগম বলেন, ‘আমার স্বামী হত্যার সঙ্গে জড়িত আসামিদের দ্রুত গ্রেফতার করে বিচার দেখতে চাই।’

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেন, ‘আমাদের অভিভাবক প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে রাজুর পরিবারের দায়িত্ব আমি নিয়েছি। পাশাপাশি আমার নেতাকর্মীদেরও রাজুর পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছি।’

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মামলায় নিক্সন চৌধুরীসহ ৯৬ জন এজাহারনামীয় আসামি এবং অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশের একাধিক দল কাজ করছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) রেজওয়ান দিপু বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা থেকে অতিরিক্ত প্রায় অর্ধশত পুলিশ সদস্য বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভাঙ্গা উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), আনসার ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর