রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ঢাকা

মিরসরাইয়ে নির্মাণাধীন তোরণের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পিএম

শেয়ার করুন:

মিরসরাইয়ে নির্মাণাধীন তোরণের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু
নিহত মো. বোরহান উদ্দিন (২৮)।

চট্টগ্রামের মিরসরাইয়ে নির্মাণাধীন তোরণের ছাদ ধসে মো. বোরহান উদ্দিন (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকালে উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী দিঘিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. বোরহান উদ্দিন মঘাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাজির তালুক গ্রামের মো. মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী দিঘিরপাড়া এলাকার একটি বাড়ির তোরণ নির্মাণে ঢালাই দেওয়া হয়। তিন দিন পর রোববার সকালে নির্মাণাধীন তোরণের সেন্টারিং খোলার সময় ছাদ ধসে পড়ে। এতে প্রায় ১৫ ফুট নিচে ইট ও কংক্রিটের নিচে চাপা পড়েন বোরহান। পরে স্থানীয়রা প্রায় এক ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি বলেন, তোরণটিতে গত বৃহস্পতিবার ঢালাই দেওয়া হয়। তিন দিনের মাথায় সেন্টারিং খোলার নিয়ম না থাকলেও ঠিকাদারের অবহেলায় তা খুলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ ইয়াকুব বলেন, মো. বোরহান উদ্দিন নামে এক যুবককে স্থানীয়রা সকালে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পরে মরদেহ মিরসরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, নির্মাণাধীন তোরণের ছাদ ধসে মো. বোরহান উদ্দিন নামে এক শ্রমিকের মরদেহ হাসপাতাল থেকে থানায় আনা হয়। পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় তাদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর