ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা তিন দিন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল।
রোববার (২২ নভেম্বর) সকালে পাঁচটি জাহাজে করে ১ হাজার ৮৭০ জন পর্যটক সেন্টমার্টিন দ্বীপে গেছেন। একই দিন বিকেলে জাহাজগুলো দ্বীপে আটকেপড়া প্রায় এক হাজার পর্যটককে নিয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছে।
সকাল ৭টা থেকে ৮টার মধ্যে কক্সবাজার শহরের বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে পর্যায়ক্রমে জাহাজগুলো সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায়। পরে বিকেল ৪টার দিকে জাহাজগুলো দ্বীপ থেকে ফিরতি যাত্রা শুরু করে।
বিষয়টি নিশ্চিত করে সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বলেন, সাগরের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবং আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা পাওয়ার পর পুনরায় জাহাজ চলাচল শুরু হয়েছে।
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাগর উত্তাল হয়ে পড়ায় গত বৃহস্পতিবার থেকে এই নৌপথে জাহাজ চলাচল বন্ধ ছিল। এতে সেন্টমার্টিন দ্বীপে দেড় হাজারের বেশি পর্যটক আটকা পড়েন। শনিবার ১৬টি কাঠের নৌকায় করে ৬৮০ জন পর্যটক টেকনাফের শাহপরীর দ্বীপ হয়ে ফিরে আসেন। তবে নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় আরও প্রায় এক হাজার পর্যটক দ্বীপে থেকে যান।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, গত তিন দিন ধরে আটকেপড়া পর্যটকরা বাড়ি ফেরার আকুতি জানিয়ে আসছিলেন। জাহাজ চলাচল পুনরায় শুরু হওয়ায় তাদের মধ্যে স্বস্তি ফিরেছে।
আটকেপড়া পর্যটকরা জানান, হঠাৎ জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই আর্থিক সংকটে পড়েন। এ পরিস্থিতিতে দ্বীপের কয়েকটি রেস্তোরাঁয় খাবারের দাম বাড়িয়ে নেওয়ার অভিযোগও করেছেন তারা। তবে কিছু রিসোর্ট কর্তৃপক্ষ কক্ষভাড়া অর্ধেক বা তারও কম নির্ধারণ করে পর্যটকদের সহযোগিতা করেছে।
স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা জানান, টানা তিন দিনের অনিশ্চয়তা কাটিয়ে জাহাজ চলাচল শুরু হওয়ায় আটকেপড়া পর্যটকদের ফেরার পথ সুগম হয়েছে। পাশাপাশি দ্বীপের পর্যটন কার্যক্রমেও ধীরে ধীরে স্বাভাবিক পরিবেশ ফিরে আসছে।
প্রতিনিধি/এলএ




