রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ঢাকা

নদীর ঘাটে পিছলে পড়ায় তর্ক, প্রতিবেশীর পিটুনিতে কিশোরের মৃত্যু

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পিএম

শেয়ার করুন:

নদীর ঘাটে পিছলে পড়ায় তর্ক, প্রতিবেশীর পিটুনিতে কিশোরের মৃত্যু
ফাইল ছবি।

নেত্রকোনার আটপাড়ায় নদীর ঘাটে পিছলে পড়া নিয়ে বিরোধের জেরে মামুন মিয়া (১৬) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী আ. জব্বার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। 

গতকাল শনিবার রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মামুনের মৃত্যু হয়। 

গত শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার শুনই ইউনিয়নের গোয়াতলা গ্রামে মগড়া নদীর ঘাটে এ ঘটনা ঘটে।

রোববার (২২ নভেম্বর) আটপাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত মামুন গোয়াতলা গ্রামের মৃত কবির মিয়ার ছেলে। তার মা মানুষের বাড়িতে কাজ করে সংসার চালান। 

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বাড়ির পাশের মগড়া নদীতে গোসল করছিল মামুন। এ সময় নদীর ঘাটে আসেন প্রতিবেশী আ. জব্বার। গোসলের পানিতে ঘাট পিচ্ছিল হয়ে থাকায় সেখানে পিছলে পড়ে যান তিনি। এ নিয়ে ক্ষিপ্ত হয়ে মামুনকে গালাগাল করেন জব্বার।

একপর্যায়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। তর্কাতর্কির শব্দ শুনে জব্বারের পরিবারের সদস্য ও স্বজনরা লাঠিসোঁটা নিয়ে সেখানে ছুটে আসেন। পরে তারা মামুনকে লাঠি দিয়ে পেটানো শুরু করেন। একপর্যায়ে লাঠির আঘাতে মাথায় গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন মামুন।

পরে স্থানীয় লোকজন তাকে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরদিন সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত জব্বার ও তার পরিবারের সদস্যরা আত্মগোপনে রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকে জব্বার ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

তিনি বলেন, রাজধানীর শাহবাগ থানা-পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ গ্রামের বাড়িতে আনা হবে। পরে নিহতের মা থানায় অভিযোগ করবেন বলে জানা গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর