রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ঢাকা

টানা বৃষ্টিতে শার্শায় পানির নিচে পাকা ধান, দুশ্চিন্তায় কৃষক

উপজেলা প্রতিনিধি, শার্শা (যশোর)
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পিএম

শেয়ার করুন:

টানা বৃষ্টিতে শার্শায় পানির নিচে পাকা ধান, দুশ্চিন্তায় কৃষক

যশোরের শার্শা উপজেলায় টানা দুই দিনের বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে কয়েক একর জমির পাকা আমন ধান ও শীতকালীন সবজিখেত পানিতে তলিয়ে গেছে। ফসল ঘরে তোলার ঠিক আগমুহূর্তে বৃষ্টির এমন দুর্ভোগে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। বিশেষ করে মাঠে কেটে রাখা ধান ভিজে যাওয়ায় তা শুকানো ও ঘরে তোলা নিয়ে বিপাকে পড়েছেন তারা।

রোববার (২২ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে নিচু জমিগুলোতে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও ধান ও সবজিখেত পানিতে তলিয়ে গেছে। মাঠে কেটে রাখা পাকা আমন ধান বৃষ্টির পানিতে ভিজে রয়েছে। রোদ না থাকায় এসব ধান শুকানো সম্ভব হচ্ছে না। এতে ধানের গুণগত মান নষ্ট হওয়া ও পচে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।

শুধু ধান নয়, শীতকালীন সবজির আবাদ নিয়েও উদ্বেগ বাড়ছে। শিম, মুলা, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি ও বেগুনসহ বিভিন্ন সবজির খেতে পানি জমে থাকায় গাছের গোড়া পচে যাওয়া এবং ফলন কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টি দীর্ঘস্থায়ী হলে কৃষকদের লোকসানের পরিমাণ আরও বাড়তে পারে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, গত দুই দিনে শার্শা উপজেলায় ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিতে উপজেলার সব এলাকায় পানি না জমলেও নিম্নাঞ্চলের কিছু জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে মাঠে কেটে রাখা আমন ধান ও নিচু জমির সবজি আবাদ ঝুঁকির মুখে পড়েছে।

আরও পড়ুন

বৃষ্টিতে নাটোরে কৃষকের কপালে চিন্তার ভাঁজ

উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের কৃষক আলী হোসেন বলেন, “জমির ধান কেটে মাঠে রেখেছি। কিন্তু টানা বৃষ্টিতে সব ধান ভিজে গেছে। রোদ না উঠলে ধান শুকিয়ে ঘরে তোলা সম্ভব হবে না। এভাবে বৃষ্টি চলতে থাকলে ধান নষ্ট হয়ে বড় ধরনের লোকসানে পড়তে হবে। আবার মাঠে অনেক কৃষকের পাকা ধান এখনো কাটার অপেক্ষায় রয়েছে।”

কৃষক হজরত আলী বলেন, “দুই বিঘা জমিতে বাঁধাকপি এবং সাড়ে তিন বিঘা জমিতে ধান চাষ করেছি। বৃষ্টিতে জমিতে পানি জমেছে। এভাবে পানি জমে থাকলে বাঁধাকপির গাছ নষ্ট হয়ে যেতে পারে। সময়মতো সবজি বিক্রির উপযোগী না হলে বড় ক্ষতির মুখে পড়তে হবে।”

এ বিষয়ে শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা ইসমত আরা খাতুন বলেন, বর্তমানে মাঠে আমন ধান পেকে গেছে। অনেক কৃষক ধান কেটে ঘরে তুলেছেন, আবার অনেকে কেটে মাঠে রেখেছেন। গত দুই দিনের বৃষ্টিতে মাঠে কেটে রাখা ধান ভিজে গেছে। তবে জমিতে ধানের গোড়ায় অতিরিক্ত পানি জমে না থাকলে ধানের তেমন ক্ষতির আশঙ্কা নেই। অন্যদিকে, সবজিখেতে দীর্ঘসময় পানি জমে থাকলে গাছের ক্ষতি হতে পারে। দ্রুত জমি থেকে পানি নিষ্কাশনের জন্য উপজেলা কৃষি অফিস থেকে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর