কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাচারের উদ্দেশে জিম্মি করে রাখা নারী ও শিশুসহ আটজনকে উদ্ধার করেছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ আভিযানিক দল।
রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ উপজেলার লেঙ্গুরবিল এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, সমুদ্রপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাচারের উদ্দেশে ওই এলাকায় ২০ থেকে ২৫ জনকে জিম্মি করে রাখা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়। যৌথ আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে মানবপাচারকারী চক্রের সদস্যদের পাশাপাশি কয়েকজন ভুক্তভোগীও পালিয়ে যান।
অভিযানকালে ঘটনাস্থল থেকে পাঁচ নারী, দুই পুরুষ ও আট মাস বয়সী এক শিশুসহ মোট আটজনকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সবাই রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্য। তারা উখিয়ার এফডিএমএন ক্যাম্প-১৮ ও ক্যাম্প-২০-এর বাসিন্দা। অভিযান শেষে উদ্ধার হওয়া ব্যক্তিদের স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনী জানায়, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে মানবপাচারসহ বিভিন্ন অপরাধ দমনে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস




