সবুজ পাহাড়ের কোলে বৈচিত্র্যময় সংস্কৃতি আর ঐতিহ্যের বর্ণিল আয়োজনে আবারও মিলিত হতে যাচ্ছেন খাসিয়া সম্প্রদায়ের মানুষ। পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নিতে মৌলভীবাজারের কমলগঞ্জের মাগুরছড়া পুঞ্জিতে বসছে খাসিয়াদের ঐতিহ্যবাহী বর্ষবিদায় উৎসব ‘খাসি সেং কুটস্নেম’।
আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মাগুরছড়া পুঞ্জি মাঠে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে।
খাসিয়া বর্ষপঞ্জি অনুযায়ী, এবার ১২৭তম বর্ষকে বিদায় জানিয়ে ১২৮তম বর্ষকে বরণ করবেন খাসিয়া জনগোষ্ঠীর মানুষ। ব্রিটিশ শাসনামল থেকে প্রতিবছর ২৩ নভেম্বর এ বর্ষবিদায় উৎসব পালন করে আসছেন তারা। খাসিয়া সম্প্রদায়ের কাছে দিনটি আনন্দ, ঐক্য ও সাংস্কৃতিক পরিচয়ের এক বিশেষ উপলক্ষ। উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অতিথি ও পর্যটকেরাও এতে যোগ দেন।

খাসি সোশ্যাল কাউন্সিলের আয়োজনে এবং মারিয়াং ফর কমিউনিটি অ্যান্ড ইকোসিস্টেম সার্ভিসেস ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় এবারের উৎসব অনুষ্ঠিত হচ্ছে। আয়োজনকে ঘিরে জেলার বিভিন্ন খাসিয়া পুঞ্জিতে ইতোমধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।
আয়োজকেরা জানান, মাগুরছড়া ফুটবল মাঠের এক পাশে বাঁশের খুঁটি ও সুপারি গাছের পাতা দিয়ে তৈরি করা হবে মূল মঞ্চ। প্রাকৃতিক উপকরণে সাজানো এ মঞ্চে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা। পাশাপাশি মাঠজুড়ে বসবে ঐতিহ্যবাহী পণ্যের মেলা ও বিভিন্ন পণ্যের স্টল। খাসিয়া সম্প্রদায়ের নারী-পুরুষ, তরুণ-তরুণী ও শিশুরা নিজেদের ঐতিহ্যবাহী বর্ণিল পোশাকে উৎসবে অংশ নেবেন।
নতুন প্রজন্মের কাছে খাসিয়া সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য ও বিলুপ্তপ্রায় খেলাধুলার পরিচয় তুলে ধরতে এবারের আয়োজনেও থাকছে নানা পর্ব। এর মধ্যে রয়েছে খাসিয়া নারীদের ঐতিহ্যবাহী নৃত্য ও গান, তৈলাক্ত বাঁশ বেয়ে ওপরে ওঠার প্রতিযোগিতা, তীর-ধনুক চালানো ও গুলতি নিক্ষেপ প্রতিযোগিতা। এ ছাড়া থাকছে পান গুছানোর প্রতিযোগিতা এবং খাসি ভাষায় গান পরিবেশনা। তৈলাক্ত বাঁশ বেয়ে ওপরে উঠতে পারলে পুরস্কার হিসেবে মিলবে মুঠোফোন।
খাসি সোশ্যাল কাউন্সিলের তথ্যমতে, ‘সেং কুটস্নেম’ শব্দের বাংলা অর্থ খাসি বর্ষবিদায়। ১৮৯৯ সাল থেকে খাসিয়া জনগোষ্ঠীর মানুষ এ উৎসব পালন করে আসছেন। তবে বাংলাদেশে ২০১১ সাল থেকে এটি বৃহৎ পরিসরে উদযাপিত হয়ে আসছে।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, ব্রিটিশ আগ্রাসনের মুখে খাসিয়াদের ভাষা ও সংস্কৃতি যখন হুমকির মুখে পড়ে, তখন কয়েকজন সচেতন খাসি তরুণ ‘সেং খাসি’ নামে একটি সংগঠন গড়ে তোলেন। ২৩ নভেম্বর ছিল সংগঠনটি গঠনের ঐতিহাসিক দিন। সেই স্মৃতিকে ধারণ করেই প্রতিবছর দিনটিকে বর্ষবিদায় উৎসব হিসেবে পালন করে আসছেন খাসিয়ারা।
খাসি সোশ্যাল কাউন্সিলের তথ্য ও প্রচার সম্পাদক এবং উৎসবের আহ্বায়ক কমিটির সদস্য সাজু মারছিয়াং বলেন, চায়ের রাজধানীখ্যাত পর্যটন জেলা মৌলভীবাজারে নানা ভাষা ও সংস্কৃতির মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে বসবাস করছেন। খাসি সেং কুটস্নেম সেই সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরার অন্যতম আয়োজন। প্রতিবছর ২৩ নভেম্বর বর্ষবিদায় ও নতুন বছরকে বরণের এ উৎসবে বাঙালিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং দেশি-বিদেশি পর্যটকেরা অংশ নেন। এবার খাসিয়া বর্ষপঞ্জি অনুযায়ী ১২৭তম বর্ষকে বিদায় জানিয়ে ১২৮তম বর্ষকে বরণ করা হবে।
প্রতিনিধি/টিবি




