শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ঢাকা

উত্তাল সাগরের মাঝে ট্রলারে ফিরলেন সেন্টমার্টিনের ১৩০০ পর্যটক

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ১০:৪১ পিএম

শেয়ার করুন:

উত্তাল সাগরের মাঝে ট্রলারে ফিরলেন সেন্টমার্টিনের ১৩০০ পর্যটক

বঙ্গোপসাগরের বৈরী আবহাওয়ায় তিন দিন ধরে বন্ধ রয়েছে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল। এতে দ্বীপে আটকেপড়া প্রায় দেড় হাজার পর্যটকের মধ্যে ১ হাজার ৩০০ জন শেষ পর্যন্ত ট্রলারে করে টেকনাফে ফিরেছেন। 

শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত ২০টি ট্রলারে করে তারা দ্বীপ ছাড়েন। তবে এখনো কয়েকশ পর্যটক সেন্টমার্টিনে অবস্থান করছেন।

ফেরত আসা পর্যটকদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৬৫ জন এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ৩১ জন শিক্ষার্থীও রয়েছেন।

সংশ্লিষ্টরা জানান, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হয়ে ওঠায় গত বৃহস্পতিবার থেকে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয় প্রশাসন। শুক্রবার ও শনিবারও নিয়মিত পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকায় ১৭ ও ১৮ নভেম্বর দ্বীপে বেড়াতে যাওয়া পর্যটকরা সেখানে আটকা পড়েন। একপর্যায়ে অনেকের ভ্রমণের জন্য সঙ্গে আনা অর্থও ফুরিয়ে যায়। জরুরি প্রয়োজন ও আর্থিক সংকটের কারণে তাদের একটি অংশ ট্রলারে করে ফেরার সিদ্ধান্ত নেন।

টেকনাফ-সেন্টমার্টিন ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ বলেন, বৈরী আবহাওয়ার কারণে অনেক পর্যটক দ্বীপে আটকা পড়েছেন। তাদের কারও কারও আর্থিক সংকট দেখা দিয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে সকাল থেকে ট্রলারে করে পর্যটকদের ফিরিয়ে নেওয়া হচ্ছে।

দ্বীপের জেটিঘাটে পরিবারের সদস্যদের নিয়ে ট্রলারের অপেক্ষায় ছিলেন রাজশাহী থেকে আসা পর্যটক খলিলুর রহমান। তিনি বলেন, পরিবারের নয় সদস্যকে নিয়ে আনন্দ ভ্রমণে সেন্টমার্টিনে এসেছিলেন। কিন্তু জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দ্বীপে আটকা পড়েন। ভ্রমণের জন্য সঙ্গে আনা টাকাও শেষ হয়ে গেছে। তাই যেকোনো উপায়ে দ্বীপ থেকে ফিরতে চেয়েছেন।

সেন্টমার্টিন হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি এমএ রহিম জিহাদি বলেন, দ্বীপে এসে অনেক পর্যটক আটকা পড়েছেন। জরুরি প্রয়োজন থাকায় শনিবার সকাল থেকে তাদের অনেকে ট্রলারে করে টেকনাফের উদ্দেশে রওনা হয়েছেন। এরই মধ্যে ২০টি ট্রলার দ্বীপ ছেড়েছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, আটকেপড়া পর্যটকদের মধ্যে যারা ফিরতে চান, তারা ট্রলারে করে টেকনাফে চলে যাচ্ছেন। সেন্টমার্টিন জেটিঘাট থেকে ট্রলারে উঠে তারা টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাটে পৌঁছাচ্ছেন। যারা দ্বীপে থাকতে চান, তারা সেখানে অবস্থান করছেন। কক্সবাজার থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হলে অবশিষ্ট পর্যটকরা জাহাজে করে ফিরতে পারবেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, বৈরী আবহাওয়ার কারণে দ্বীপে আটকেপড়া পর্যটকদের মধ্যে বিশেষ জরুরি প্রয়োজন ও আর্থিক সংকটে থাকা কিছু পর্যটক টেকনাফে ফিরছেন। দ্বীপে অবস্থানরত পর্যটকদের নিয়মিত খোঁজ-খবর রাখা হচ্ছে।

এদিকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে রোববার থেকে জাহাজ চলাচল শুরু হতে পারে বলে জানিয়েছেন জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর। 

তিনি বলেন, আবহাওয়া অনুকূলে না থাকায় জাহাজ চলাচল শুরু করা সম্ভব হয়নি। ১৯, ২০ ও ২১ নভেম্বরের টিকিট কাটা পর্যটকরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত একই টিকিট ব্যবহার করে ভ্রমণের সুযোগ পাবেন। নির্ধারিত সময়ের মধ্যে ভ্রমণ সম্ভব না হলে টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর