যথাযথ মর্যাদা ও নানা আয়োজনে যশোরে পালিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস। দিবসটি উপলক্ষে শনিবার বিকেলে যশোর সেনানিবাসে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় উন্নয়ন ও জনকল্যাণে বাহিনীর ভূমিকার কথা তুলে ধরেন বক্তারা।
যশোর সেনানিবাসের অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবু হেনা মোহাম্মদ রাজী হাসান এবং বিমানবাহিনীর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটির এয়ার অফিসার কমান্ডার এয়ার ভাইস মার্শাল এএসএম শামীমুল ইসলাম। তারা কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন।
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীর সেনানীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তিনি বলেন, সশস্ত্র বাহিনীর প্রধান দায়িত্ব দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা। তবে প্রতিরক্ষা দায়িত্বের পাশাপাশি বাংলাদেশ সশস্ত্র বাহিনী জাতীয় উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
তিনি বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণ, সড়ক ও সেতু নির্মাণ, দুর্গম অঞ্চলে জনসেবামূলক কার্যক্রম এবং জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে সশস্ত্র বাহিনীর দক্ষতা, শৃঙ্খলা ও পেশাদারত্বের পরিচয় পাওয়া যায়। প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস কিংবা যেকোনো সংকটের মুহূর্তে তারা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন। উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ, চিকিৎসাসেবা ও পুনর্বাসন কার্যক্রমে তাদের ভূমিকা দেশের মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে।
২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সংকটময় সেই সময়ে ধৈর্য, শৃঙ্খলা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন ছিল বড় চ্যালেঞ্জ।
তিনি আরও বলেন, সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থাপনায় সশস্ত্র বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সংকটময় মুহূর্তে তাদের দায়িত্বশীল ভূমিকা বহুমাত্রিক সক্ষমতা ও দেশপ্রেমের প্রতিফলন।
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবদান আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে উল্লেখ করে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, একটি শক্তিশালী, আধুনিক ও পেশাদার সশস্ত্র বাহিনী শুধু জাতীয় নিরাপত্তার নিশ্চয়তা নয়, বরং স্বাধীন ও আত্মমর্যাদাশীল রাষ্ট্রের অগ্রযাত্রার অন্যতম ভিত্তি।
সেনাবাহিনীর যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবু হেনা মোহাম্মদ রাজী হাসান বলেন, দেশরক্ষা ছাড়াও বাংলাদেশ সশস্ত্র বাহিনী বহির্বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। প্রয়োজন হলে জীবন উৎসর্গ করেও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রাখতে পারেন, এমন সক্ষমতা ও মানসিক প্রস্তুতি নিয়ে তারা দায়িত্ব পালন করেন। এ জন্য তিনি সবার দোয়া কামনা করেন।
বিমানবাহিনীর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটির এয়ার অফিসার কমান্ডিং এয়ার ভাইস মার্শাল এএসএম শামীমুল ইসলাম ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সেনা, নৌ ও বিমানবাহিনীর সাহসী ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, মাত্র একটি প্লেন ও একটি হেলিকপ্টার নিয়ে বিমানসেনারা একটি আধুনিক সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছিলেন। এ ঘটনা বিশ্বে নজিরবিহীন।
অনুষ্ঠানটি যশোর সেনানিবাসের ওসমানী স্টেডিয়ামে আয়োজনের কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পরে হলরুমে স্থানান্তর করা হয়। সেখানে সেনাসদস্য ও সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মনোজ্ঞ কুচকাওয়াজ প্রদর্শন করেন।
অনুষ্ঠানে যশোরের চার সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা, যশোর সেনা এলাকার অধীনস্থ জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার, বেসামরিক কর্মকর্তা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমের নেতৃস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এএইচ



