বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হলেও এর প্রভাবে মৌলভীবাজারে বিরূপ আবহাওয়া বিরাজ করছে। টানা তিন দিনের বৃষ্টিতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় মিলছে না সূর্যের দেখা। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জনজীবনে দেখা দিয়েছে স্থবিরতা।
এমন আবহাওয়ায় মৌসুমের শুরুতেই আমন ধান ঘরে তোলা নিয়ে বিপাকে পড়েছেন জেলার কৃষকেরা। মাঠে পাকা ধান থাকলেও বৃষ্টির কারণে কাটতে পারছেন না তারা। অন্যদিকে, কাটা ধান মাড়াই ও শুকাতে না পারায় ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
শনিবার (২১ নভেম্বর) শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারে ৬ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী দুদিনের মধ্যে আবহাওয়া স্বাভাবিক হয়ে আসতে পারে।
জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৯৮ হাজার ৩৫ হেক্টর। তবে লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার ১১৯ হেক্টর বেশি জমিতে আবাদ হয়েছে। সব মিলিয়ে এবার আমন আবাদ হয়েছে ৯৯ হাজার ১৫৪ হেক্টর জমিতে।
শনিবার জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বৃষ্টি ও মেঘলা আবহাওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন কৃষকেরা। মাঠে পাকা ধান থাকলেও বৃষ্টির কারণে কাটার উপায় নেই। আবার কোথাও কাটা ধান জমিতে পড়ে আছে। আগামী দু-এক দিনের মধ্যে বৃষ্টি না থামলে ফসলের ক্ষতির আশঙ্কা করছেন তারা।
রাজনগর উপজেলার টেংরা গ্রামের সৌখিন সবজি চাষি চঞ্চু বিশ্বাস বলেন, শখ করে সবজি চাষ করি। এই ফসল ফলাতে কত শ্রম ও সময় ব্যয় করতে হয়। কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ে ফসল রক্ষা করতে পারব কি না, তা নিয়ে শঙ্কায় আছি।
কাওয়াদীঘী হাওরপাড়ের প্রবীণ কৃষক রেজাক মিয়া বলেন, মাঠে পাকা ধান রয়েছে। বৃষ্টির কারণে কাটতে পারছি না। আবার যে ধান কেটেছি, তা মাড়াই ও শুকাতেও ভোগান্তিতে পড়তে হচ্ছে।
এদিকে, বৃষ্টির কারণে জেলার বিভিন্ন এলাকার রাস্তাঘাটে মানুষের চলাচল কমে গেছে। অনেকটা ফাঁকা দেখা গেছে সড়কগুলো। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না মানুষ।
রাজনগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল আমিন বলেন, মৌলভীবাজারে বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া না থাকায় ধানের তেমন ক্ষতি হয়নি। আগামী দু-এক দিনের মধ্যে বৃষ্টি থেমে যেতে পারে বলে আশা করা হচ্ছে।
প্রতিনিধি/এলএ




