মেয়েকে পড়াশোনা করিয়ে নিজের পায়ে দাঁড় করাবেন—এটাই ছিল বাবা-মায়ের স্বপ্ন। বাবা চাইতেন, মেয়ে ইঞ্জিনিয়ার হোক। ছোটবেলা থেকেই মেধাবী গার্গী চ্যাটার্জীও এগিয়ে যাচ্ছিলেন সেই স্বপ্ন পূরণের পথে। স্কুলে নিয়মিত প্রথম পাঁচজনের মধ্যে থাকত তাঁর রোল। পিএসসি, জেএসসি ও এসএসসি—তিন পরীক্ষাতেই পেয়েছিলেন জিপিএ-৫।
কিন্তু কৈশোর পেরিয়ে উচ্চশিক্ষার পথে পা রাখতেই জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয় তাঁকে। বাবাকে হারানো, আর্থিক সংকট, পড়াশোনার প্রতিকূলতা—সবকিছু সামলে যখন নিজের পায়ে দাঁড়ানোর লড়াইয়ে এগিয়ে যাচ্ছিলেন, তখনই শরীরে বাসা বাঁধে জটিল রোগ। গত চার বছর ধরে অসহ্য ব্যথার সঙ্গে লড়ছেন গার্গী। এখন স্বাভাবিক জীবনে ফেরার আশায় তাঁর সামনে নতুন যুদ্ধ—ব্যয়বহুল চিকিৎসার অর্থ জোগাড় করা।
২০১৬ সালে পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করে এইচএসসি পড়তে ঢাকায় যান গার্গী। প্রথমে মাইলস্টোন কলেজে ভর্তি হলেও পরে রাজউক উত্তরা মডেল কলেজে পড়াশোনা শুরু করেন। সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু পরের বছরই বদলে যায় তাঁর জীবন।
২০১৭ সালের ১৬ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান গার্গীর বাবা দীপক কুমার চ্যাটার্জী। তিনি স্ট্যাম্প ভেন্ডার ও শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কাজ করতেন। বাবার মৃত্যুর পর পরিবারে নেমে আসে আর্থিক সংকট। গার্গীর পড়াশোনা ও সংসারের খরচ চালাতে তাঁর মা পূর্ণিমা চ্যাটার্জী স্বরূপকাঠীর গ্রামের জমি কম দামে বিক্রি করতে বাধ্য হন। সেই অর্থও ধীরে ধীরে শেষ হয়ে যায়।

অর্থকষ্টে ঢাকায় থেকে পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি গার্গীর। ফিরে আসতে হয় পিরোজপুরে। পরে পিরোজপুর মহিলা কলেজের মাধ্যমে এইচএসসি পরীক্ষায় অংশ নেন। বাবার মৃত্যু, কলেজ পরিবর্তন ও মানসিকভাবে ভেঙে পড়ার প্রভাব পড়ে ফলাফলেও। ২০১৮ সালে এইচএসসিতে তাঁর ফল হয় জিপিএ ৪.১৭। ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন আর পূরণ হয়নি।
তবে বাবার আরেকটি স্বপ্ন ছিল—মেয়েকে নিজের পায়ে দাঁড় করানো। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যেই এগিয়ে যান গার্গী। ভর্তি হন ইস্টার্ন ইউনিভার্সিটির আইন বিভাগে।
পড়াশোনার পাশাপাশি নিজের খরচ চালাতে টিউশনি করেছেন, কোচিংয়ে পড়িয়েছেন, করেছেন পার্টটাইম চাকরি। ২০২০-২১ সালের দিকে নিজ উদ্যোগে শুরু করেছিলেন হোমমেড জুয়েলারির ব্যবসাও। প্রতিকূলতার মধ্যেও নিজের পায়ে দাঁড়ানোর লড়াইটা এগিয়ে যাচ্ছিল।
কিন্তু আইন বিষয়ে পড়াশোনার শেষ বর্ষে থাকতেই নতুন করে বড় বাধার মুখে পড়েন গার্গী। তাঁর শরীরে ধরা পড়ে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস। এটি এক ধরনের প্রদাহজনিত রোগ। ধীরে ধীরে শরীরজুড়ে ব্যথা, হাত-পা নাড়াতে সমস্যা, ঘাড় সোজা রাখতে না পারা এবং হাঁটাচলায় অসুবিধা বাড়তে থাকে। অসুস্থতা বেড়ে যাওয়ায় একপর্যায়ে বন্ধ করে দিতে হয় ব্যবসাটিও।
তারপরও পড়াশোনা থামাননি গার্গী। অসুস্থতার সঙ্গে লড়াই করেই এলএলবি শেষ করেন। এতে সিজিপিএ ৩.৮৬ এবং এলএলএমে ৩.৮৮ অর্জন করেন তিনি।
এরপর বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) মাস্টার্স ইন পিস, কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যান রাইটস স্টাডিজে ভর্তি হন। তত দিনে শারীরিক অবস্থা আরও খারাপের দিকে। হুইলচেয়ারে করে বিশ্ববিদ্যালয়ে যেতে হতো তাঁকে। এ সময়ে বন্ধু নিজাম, শ্রীবতি ও রনক বিভিন্নভাবে সহযোগিতা করেছেন।
বর্তমানে গার্গী অ্যাডভান্সড স্টেজের অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসে আক্রান্ত। বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির রিউমাটোলজিস্ট অধ্যাপক ডা. আবু শাহিনের তত্ত্বাবধানে চলছে তাঁর চিকিৎসা। পরিবারের ভাষ্য, গার্গীর স্যাক্রোইলিয়াক (এসআই) জয়েন্ট ও হিপ জয়েন্টের পাশাপাশি লাম্বার স্পাইনও ফিউজড হয়ে গেছে। অল্প হাঁটতে গেলেও লাঠির প্রয়োজন হয়। অনেক সময় ব্যবহার করতে হয় হুইলচেয়ার।
দীর্ঘদিন চিকিৎসার অংশ হিসেবে অ্যাডালিমুম্যাব ও ইটানারসেপ্টের মতো ইনজেকশন নিয়েছেন গার্গী। পরিবারের ভাষ্য, শুরুতে এসব চিকিৎসায় কিছুটা উপকার পেলেও পরবর্তী সময়ে সেগুলোর কার্যকারিতা কমে যায়। দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার ফলে বিভিন্ন শারীরিক জটিলতাও দেখা দিয়েছে বলে জানিয়েছে পরিবার।
এখন চিকিৎসকের পরামর্শে হিপ জয়েন্ট রিপ্লেসমেন্টের প্রস্তুতি চলছে। এরপর প্রদাহ নিয়ন্ত্রণে গোলিমুম্যাব ব্যবহারের পরিকল্পনা রয়েছে। নতুন চিকিৎসা শুরুর আগে প্রয়োজনীয় টিকা ও পরীক্ষা-নিরীক্ষা করানোর কথাও জানিয়েছেন পরিবারের সদস্যরা।
গার্গীর লড়াইয়ে পাশে নিলয়
বাবাকে হারানো, অর্থসংকট, পড়াশোনা ও অসুস্থতার প্রতিটি কঠিন সময়ে গার্গীর পাশে ছিলেন তাঁর ভালোবাসার মানুষ নিলয় ভৌমিক। দুই বছরের বন্ধুত্বের পর তাঁদের মধ্যে গড়ে ওঠে সাত বছরের প্রেমের সম্পর্ক। ২০২৪ সালে বিয়ে করেন তাঁরা।
নিলয় তখন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা শেষ করেছেন। ইচ্ছা ছিল বিদেশে গিয়ে পিএইচডি করার। কিন্তু গার্গীর চিকিৎসার কথা ভেবে সেই পরিকল্পনা বাদ দেন তিনি।
স্ত্রীর চিকিৎসা ও অন্যান্য খরচ মেটাতে প্রতি মাসে প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকা ব্যয় হয় বলে জানান নিলয়। খরচ চালাতে প্রাইভেট পড়ানো, কোচিংয়ে শিক্ষকতা, বিশ্ববিদ্যালয় ও কলেজে অতিথি শিক্ষক হিসেবেও কাজ করেছেন। একপর্যায়ে দেনায় জড়িয়ে পড়েন তিনি।
চলতি বছরের জুনে বাংলাদেশ কমার্স ব্যাংকের প্রবেশনারি অফিসার পদে চাকরি পান নিলয়। তবে চাকরি পাওয়ার পরও আগের দেনা ও গার্গীর চিকিৎসার বড় খরচ সামলানো তাঁর জন্য কঠিন হয়ে পড়েছে।
নিলয় বলেন, ‘যখন আমি আমার প্রিয় মানুষকে সারাক্ষণ একটা অদৃশ্য যুদ্ধে লড়তে দেখি, দিন-রাত ব্যথার সঙ্গে পাল্লা দিয়ে হাসতে দেখি, আর সবচেয়ে দুঃখের বিষয় হলো—এই ব্যথায় আমি ভাগ বসাতে পারি না, তখন নিজেকে অসহায় মনে হয়।’
তিনি আরও বলেন, ‘প্রিয় মানুষের এহেন লড়াই দেখে এক অকল্পনীয় আত্মবিশ্বাস ও ইতিবাচকতাও চলে আসে। মনে হয়, এত লড়াইয়ের শেষে তো জয় আসবে।’
চিকিৎসায় প্রয়োজন প্রায় ৪০ লাখ টাকা
উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে গার্গীর পরিবার। সেখানে চিকিৎসক ডা. মদন মোহন রেড্ডির অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় নিবন্ধনও সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে পরিবার।
পরিবারের হিসাব অনুযায়ী, রোবটিক হিপ ইমপ্লান্টে প্রায় ২১ লাখ টাকা খরচ হতে পারে। রোগ নির্ণয়, হাসপাতাল ও অস্ত্রোপচারের অন্যান্য খরচে লাগতে পারে আরও প্রায় ১০ লাখ টাকা। এরপর প্রায় ছয় সপ্তাহের পুনর্বাসন, থাকা ও যাতায়াতসহ মোট খরচ দাঁড়াতে পারে প্রায় ৪০ লাখ টাকা বা তারও বেশি।
এর আগে গার্গীর চিকিৎসায় পরিবারের ৩৫ লাখ টাকার বেশি খরচ হয়েছে। ধারদেনা, সঞ্চয় ও বিভিন্নভাবে অর্থ জোগাড় করে এতদিন চিকিৎসা চালানো হলেও নতুন করে প্রায় ৪০ লাখ টাকা জোগাড় করা এখন পরিবারের পক্ষে কঠিন হয়ে পড়েছে।
গার্গীর মা পূর্ণিমা চ্যাটার্জী বলেন, ‘আমার মেয়েটা বড় অসুস্থ। মেয়েটার দিকে তাকিয়ে আবার নিজেরই কষ্ট হয়। ওর সারা শরীরে ব্যথা। কীভাবে ওর ব্যথা নির্মূল করব? আমার মেয়েটাকে আগের মতো দেখতে চাই। হাসুক, খেলুক।’
গার্গী বলেন, ‘আমি সব সময় ভালো একজন মানুষ হতে চেয়েছি। তেমন কোনো ইচ্ছে ছিল না জীবনে। ভেবেছিলাম বড় হয়ে পৃথিবী ঘুরে দেখব। তবে চার বছর এই রোগের সঙ্গে যুদ্ধ করে নতুন ভোর দেখতে পাওয়াই বড় প্রাপ্তি।’
গার্গীর চিকিৎসক অধ্যাপক ডা. আবু শাহিন বলেন, ‘গার্গী অত্যন্ত সাহসী একজন মেয়ে। সে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসে আক্রান্ত। চার বছর যাবৎ আমার কাছে চিকিৎসা নিচ্ছে। স্বাভাবিক জীবনে ফিরে যেতে হলে গার্গীর সার্জারি করানো প্রয়োজন। চেন্নাই অ্যাপোলো, সিএমসি ভেলোর কিংবা আইএসআইসি, নিউ দিল্লি ভালো হবে। এখানে চিকিৎসা ব্যয়বহুল। সার্জারি এবং সার্জারি-পরবর্তী পুনর্বাসনে ৩৫-৪০ লাখ টাকা প্রয়োজন হবে।’
একসময় যে মেয়েটি স্কুলে নিয়মিত প্রথম পাঁচজনের মধ্যে থাকতেন, পিএসসি, জেএসসি ও এসএসসিতে পেয়েছেন জিপিএ-৫, বাবাকে হারানোর পরও পড়াশোনা চালিয়ে গেছেন, অসুস্থতার মধ্যেও বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করেছেন—আজ তাঁর সামনে সবচেয়ে বড় লড়াই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা।
পরিবারের ভাষ্য, মানুষের সহযোগিতা ছাড়া গার্গীর চিকিৎসা চালিয়ে যাওয়া কঠিন। তাঁদের আশা, সহযোগিতা পেলে চেন্নাইয়ে চিকিৎসা সম্পন্ন করে দীর্ঘদিনের ব্যথা পেরিয়ে আবার নিজের পায়ে দাঁড়াতে পারবেন গার্গী।
সহযোগিতার জন্য
হিসাবধারী: গার্গী চ্যাটার্জী
হিসাব নম্বর: ১০১৫৭০১০১২৫৭৬
ব্যাংক: সোনালী ব্যাংক, পাঁচলাইশ শাখা
বিকাশ: ০১৯৭০২৫১৫৪৪ — গার্গী
বিকাশ/নগদ: ০১৭৮৪১৮৮৭৬০ — নিলয়
নগদ: ০১৭৪৫২৫১৫৪৪ — গার্গী
রকেট: ০১৭৮৪১৮৮৭৬০
জরুরি যোগাযোগ: ০১৭৮৪১৮৮৭৬০ — নিলয়
প্রতিনিধি/এআর




