শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ঢাকা

ছেলেকে না পেয়ে জামায়াতকর্মী বাবাকে পুরনো মামলায় গ্রেফতার

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পিএম

শেয়ার করুন:

ছেলেকে না পেয়ে জামায়াতকর্মী বাবাকে পুরনো মামলায় গ্রেফতার

সাতক্ষীরার শ্যামনগরে সাংবাদিক ছেলেকে তুলে নিতে ব্যর্থ হওয়ার পর তার ৬৬ বছর বয়সী বাবাকে পুরনো একটি নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আক্তার মল্লিক নামে ওই ব্যক্তি জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী বলে দাবি করেছেন স্থানীয় জামায়াত নেতারা। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে শ্যামনগর থানা-পুলিশ তাকে আদালতে পাঠায়। 

চাঁদাবাজি, দখলবাজি, নদী থেকে অবৈধ বালু উত্তোলনসহ বিভিন্ন বিষয়ে প্রতিবেদন করার জেরে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন সাংবাদিক বিলাল। 

বিলাল হোসেনের অভিযোগ, বুধবার রাত ২টার দিকে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের আটির উপর গ্রামে তার বাড়িতে গিয়ে ডাকাডাকি করেন সাবেক জাসাস নেতা রায়হানুল ইসলামসহ কয়েকজন। বাইরে গেলে তাকে জানানো হয়, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, সদস্যসচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর ও যুগ্ম আহ্বায়ক হাফিজ আল আসাদ কল্লোলসহ কয়েকজন নেতা সড়কে অপেক্ষা করছেন।

বিলাল হোসেন ও তার বাবা আক্তার মল্লিক সড়কে গেলে সেখানে ওই তিন নেতার পাশাপাশি ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুজ্জামান, যুবদল নেতা আল আমিন, মমিনুর রহমান মমিন, আব্দুল্লাহ এবং সাবেক জাসাস নেতা আবু মুসা কাজলসহ আরও কয়েকজনকে দেখতে পান বলে জানান তিনি।

বিলাল হোসেনের অভিযোগ, সেখানে যাওয়ার পর তার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে একটি মাইক্রোবাসে তুলে নেওয়ার চেষ্টা করা হয়। বাধা দিলে তাকে মারধর করা হয়। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে তিনি ফেসবুকে সরাসরি সম্প্রচার করে নিজের ও পরিবারের নিরাপত্তা চান। একপর্যায়ে বাড়ির পাশের একটি মাছের ঘেরে আশ্রয় নেন। তাকে না পেয়ে হামলাকারীরা বাড়িতে গিয়ে তার স্ত্রী ও পরিবারের সদস্যদের মারধর করেন বলেও অভিযোগ করেন তিনি।

চাঁদাবাজি ও অপহরণচেষ্টার অভিযোগ অস্বীকার করেছেন শ্যামনগর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু ও ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুজ্জামান। তাদের দাবি, সাংবাদিক পরিচয়ের আড়ালে বিলাল হোসেন আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছিলেন। এক সৈনিক লীগ নেতার মুঠোফোনে থাকা টেলিগ্রাম গ্রুপে বিলালের যুক্ত থাকার তথ্য পেয়ে তারা তাকে সতর্ক করতে গিয়েছিলেন।

তাদের ভাষ্য, বিলাল ফেসবুক লাইভে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন। তার বাবা পুলিশের গাড়িতে হামলা করায় পুলিশ তাকে থানায় নিয়ে যায়। 

তবে তিন লাখ টাকা চাঁদা দাবি, মারধর ও মাইক্রোবাসে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ তারা অস্বীকার করেছেন।

মুন্সিগঞ্জ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আবুল হোসেন বলেন, আক্তার মল্লিক কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী। বয়স ৬৬ বছর হলেও দলের বিভিন্ন কর্মসূচি ও সমাবেশে নিয়মিত অংশ নেন। তাকে পুরনো একটি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোয় তারা মর্মাহত।

তিনি আরও বলেন, ছেলেকে না পেয়ে বাবাকে ধরে নিয়ে যাওয়ার ঘটনা আগে নিষিদ্ধ আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে দেখা যেত। এই ঘটনাতেও তেমন আচরণের প্রতিফলন দেখা যাচ্ছে।

আক্তার মল্লিককে থানায় নেওয়ার বিষয়ে জানতে চাইলে বৃহস্পতিবার শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল ইসলাম পাটোয়ারী সাংবাদিকদের বলেছিলেন, তাকে গ্রেফতার বা আটক করা হয়নি। উত্তপ্ত পরিস্থিতিতে তার নিরাপত্তার স্বার্থে স্থানীয় লোকজন তাকে পুলিশের হাতে তুলে দেন। পরে পুলিশ তাকে নিরাপত্তার জন্য থানায় নিয়ে আসে।

শুক্রবার (২০ নভেম্বর) ওসি সফিউল ইসলাম পাটোয়ারীর মুঠোফোনে যোগাযোগ করা হয়। তবে বৃহস্পতিবার দেওয়া বক্তব্যের বিষয়ে প্রশ্ন করতেই তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

মামলার তদন্ত কর্মকর্তা শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) সুদেব পাল আদালতে দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করেছেন, ১৯ নভেম্বর রাত ২টা ৩৫ মিনিটে শ্যামনগরের মুন্সিগঞ্জের কুলতলী এলাকা থেকে স্থানীয় জনতা আক্তার মল্লিককে আটক করে। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।

মামলার বিবরণে বলা হয়েছে, ২০২০ সালের ২১ জুন ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণের উদ্দেশে জেলা এবং শ্যামনগর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কাশিমাড়ীর দিকে যাচ্ছিলেন। সকাল ১০টা ১৫ মিনিটে কাশিমাড়ী ইউনিয়নের কাতখালী সেতুর ওপর তাদের গাড়িবহরে হামলা হয়। এ সময় গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর, নেতাকর্মীদের মারধর এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। গাড়িবহরে থাকা প্রায় পাঁচ লাখ টাকার ত্রাণসামগ্রী লুট এবং যানবাহন ভাঙচুর করে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুদেব পাল বলেন, সাংবাদিক বিলাল হোসেনের বাবাকে স্থানীয় রাজনৈতিক নেতারা আটক করে আমাদের কাছে দিয়েছিলেন।

আক্তার মল্লিককে পুরোনো মামলায় গ্রেফতার দেখানো প্রসঙ্গে তিনি বলেন, মামলাটি এখনো তদন্তাধীন। তিনি যদি নিরপরাধ হয়ে থাকেন, তাহলে মামলা থেকে অব্যাহতি পাবেন।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর