শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ঢাকা

মণিপুরী পল্লিতে মৃদঙ্গের সুর, মহারাসের অপেক্ষা

পুলক পুরকায়স্থ, মৌলভীবাজার
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ১২:০১ পিএম

শেয়ার করুন:

মণিপুরী পল্লিতে মৃদঙ্গের সুর, মহারাসের অপেক্ষা
মণিপুরী পল্লিতে মৃদঙ্গের সুর, মহারাসের অপেক্ষা

মৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী পল্লির বাতাসে এখন মৃদঙ্গের সুর। সেই সুরের সঙ্গে তাল মিলিয়ে চলছে নৃত্যের অনুশীলন। বাড়ির উঠোন কিংবা মণ্ডপ, সবখানেই ব্যস্ততা। কেউ শিখছেন নৃত্যের নতুন মুদ্রা, কেউ ঝালিয়ে নিচ্ছেন পুরোনো কৌশল। মণ্ডপে চলছে সাজসজ্জার কাজ। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা।

ক্ষুদ্র নৃগোষ্ঠী মণিপুরী সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় ও ঐতিহ্যবাহী উৎসব মহারাসলীলা অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর)। এ উপলক্ষে উপজেলার মণিপুরী পল্লিগুলোতে এখন উৎসবের আমেজ। দেশ-বিদেশের দর্শনার্থীদের স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে উৎসবের আয়োজন স্থল।

1000264151

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে কমলগঞ্জের মণিপুরী অধ্যুষিত এলাকাগুলো ঘুরে দেখা যায়, পাড়ায় পাড়ায় চলছে রাস উৎসবের মহড়া। মৃদঙ্গের তালে তালে ভেসে আসছে মণিপুরী গান। কোথাও রাখালনৃত্য, কোথাও রাসনৃত্যের অনুশীলন। বিভিন্ন বাড়ির উঠোনে প্রশিক্ষকের নির্দেশনায় নৃত্যের কৌশল, তাল-লয় ও ছন্দ আয়ত্ত করছে শিল্পীরা। দীর্ঘদিনের প্রস্তুতিকে শেষ পর্যায়ে নিখুঁত করে তুলতে চলছে নিবিড় অনুশীলন।

মণিপুরী সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, কমলগঞ্জের মাধবপুরের জোড়া মণ্ডপে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের ১৮৪তম এবং আদমপুরের মণিপুরী কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে মীতৈ মণিপুরী সম্প্রদায়ের ৪১তম মহারাস উৎসব অনুষ্ঠিত হবে।

আয়োজকেরা জানান, ২৪ নভেম্বর সকাল ১১টায় রাখালনৃত্যের মধ্য দিয়ে শুরু হবে উৎসবের আনুষ্ঠানিকতা। একটানা চলবে এই নৃত্য। রাখালবেশে শিল্পীরা তুলে ধরবেন শ্রীকৃষ্ণের বাল্যজীবন, সখা ও বাৎসল্য রসের নানা আখ্যান। গোধূলি পর্যন্ত চলবে রাখালনৃত্য। সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। রাত ১১টার দিকে শুরু হবে শ্রীকৃষ্ণের মহারাসলীলা। শিল্পীদের রাসনৃত্য চলবে ভোরের ব্রাহ্মমুহূর্ত পর্যন্ত।

1000264133

রাস উৎসবের মহড়ায় অংশ নেওয়া ছেলেমেয়েদের নৃত্যের বিভিন্ন কৌশল ও নিয়মকানুন শেখাচ্ছেন প্রশিক্ষক অনিরা সিনহা। তিনি বলেন, এখন রাস উৎসবের মহড়া চলছে। উৎসবে শিল্পীদের সারা রাত গান ও মৃদঙ্গের তালের সঙ্গে নৃত্য পরিবেশন করতে হবে। তাই শিক্ষকদের পরামর্শ অনুযায়ী ছেলেমেয়েদের প্রস্তুত করা হচ্ছে।

সাংস্কৃতিককর্মী নির্মল এস পলাশ বলেন, রাস উৎসবের প্রায় এক মাস আগে থেকেই মহড়া শুরু হয়েছে। এতে অংশ নেওয়া অনেকেই নতুন, আবার অনেকেই অভিজ্ঞ। সবাইকে প্রস্তুত করতে নিয়মিত মহড়া চলছে। প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত নৃত্যের অনুশীলন করেন শিল্পীরা।

1000264137

মাধবপুর মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সভাপতি চাঁদমুরারী সিংহ স্বপন বলেন, উৎসব উপলক্ষে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিরাপত্তার বিষয়টি নিয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করা হয়েছে। রাসনৃত্যকে ঘিরেই মূলত এই উৎসব। ঐতিহ্যবাহী এ আয়োজন দেখতে প্রতিবছর দেশ-বিদেশের দর্শনার্থীরা কমলগঞ্জে ভিড় করেন।

 

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দ্বীপ তালুকদার বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে রাস উৎসব আয়োজনের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর