ময়মনসিংহে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিলে অংশগ্রহণ ও নাশকতার পরিকল্পনার অভিযোগে কিশোর গ্যাংয়ের সন্দেহভাজন ছয় সদস্যকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৫টার দিকে নগরীর কোতোয়ালি মডেল থানার কাশর বোররচর ভবনের সামনে তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটক কিশোররা হলো— মাহমুদ মুক্তাদির (১৬), সাকিবুল হাসান (১৭), ইয়াসিন আরাফাত (১৬), মো. রোমান (১৫), সানজিদুল হাসান রিহান (১৪) ও সানজিদ (১৬)। তাদের মধ্যে দুজন দশম ও নবম শ্রেণির শিক্ষার্থী। অন্যরা মোবাইল সার্ভিসিং, অটোরিকশা সার্ভিসিং, বাসের হেলপার ও জুতার দোকানে কাজ করে। আটক কিশোরদের প্রত্যেককে মিছিলে অংশ নেওয়ার জন্য ১০০ টাকা করে দেওয়া হয়েছিল বলে প্রাথমিক অনুসন্ধানে তথ্য পেয়েছে পুলিশ।
পুলিশ জানায়, নগরীর কাশর বোররচর ভবনের সামনের এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের কয়েকজনের নেতৃত্বে মিছিল হওয়ার খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার ২ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সেলিমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ৬ কিশোরকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পলাতক সদস্য হিসেবে চিহ্নিত জাবির, আবিদ ও মাইনসহ অজ্ঞাতনামা কয়েকজনের নেতৃত্বে ওই মিছিলের আয়োজন করা হয়। মিছিলে অংশগ্রহণের জন্য আটক প্রত্যেক কিশোরকে ১০০ টাকা করে দেওয়া হয়েছিল বলে তথ্য পাওয়া গেছে। এ সময় মিছিলকারীরা ‘জয় বাংলা’ স্লোগান দেয় বলেও জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, মিছিলে ব্যবহৃত অর্থের উৎস, অর্থ সরবরাহকারী, আয়োজকদের পরিচয় এবং এর পেছনে অন্য কোনো পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করা হচ্ছে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং নাশকতা ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ তৎপর রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মাঠপর্যায়ে কাজ করছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও অপরাধবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পেছনে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সংশ্লিষ্টতা পাওয়া গেলে তথ্যপ্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/টিবি




