শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ঢাকা

ম্যাগনেটিক পিলার সন্দেহে পানির ট্যাংকে তল্লাশি, রহস্যময় প্লেটসহ আটক ১

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ১০:০৪ পিএম

শেয়ার করুন:

ম্যাগনেটিক পিলার সন্দেহে পানির ট্যাংকে তল্লাশি, রহস্যময় প্লেটসহ আটক ১
আটক যুবকের ব্যাগ তল্লাশি চলছে। ছবি: ঢাকা মেইল

পানির ট্যাংকের ভেতরে লুকানো অবস্থায় পাওয়া গেছে ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ নাম খোদাই করা একটি রহস্যময় প্লেট। বস্তুটি ম্যাগনেটিক পিলার কি না, তা নিয়ে এলাকায় তৈরি হয়েছে নানা কৌতূহল। এ ঘটনায় আশিক নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা সদর ইউনিয়নের সবুজ নগর এলাকার আলমগীর হোসেনের সাহেব বাড়িতে অভিযান চালিয়ে বস্তুটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ওই বাড়িতে বিভিন্ন সময় অপরিচিত লোকজনের আনাগোনা দেখা যেত। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তারা প্রশাসনকে গোপনে তথ্য দেন। পরে ওই তথ্যে বাড়িটিতে অভিযান চালানো হয়। রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত কয়েক দফা তল্লাশির পর পানির ট্যাংকের ভেতর থেকে প্লেটসদৃশ বস্তুটি উদ্ধার করা হয়। এ সময় আশিক নামে এক ব্যক্তিকে আটক করা হয়। স্থানীয় ব্যক্তিদের দাবি, তিনি ঢাকার বাসিন্দা।

উদ্ধার বস্তুটির গায়ে ইংরেজিতে ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি-১৮৩৯’ লেখা রয়েছে। স্থানীয়ভাবে এটিকে ম্যাগনেটিক পিলার বলে সন্দেহ করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, প্রতারণার উদ্দেশে কোনো চক্র এ ধরনের বস্তু ব্যবহার করে থাকতে পারে। তবে বস্তুটি প্রকৃতপক্ষে কী, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পানির ট্যাংকের ভেতরে এমন একটি রহস্যময় বস্তু কীভাবে এলো এবং এর সঙ্গে কোনো প্রতারক চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নানা আলোচনা চলছে।

অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ম্যাগনেটিক পিলার সন্দেহে একটি বস্তুসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। 

তিনি আরও বলেন, উদ্ধার বস্তুটি আসলেই ম্যাগনেটিক পিলার কি না, তা নিশ্চিত হতে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পরই বস্তুটির প্রকৃত পরিচয় জানা যাবে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর