শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ঢাকা

আকভানের প্রভাবে ফেনীতে টানা বৃষ্টি, দুশ্চিন্তায় আমন ও সবজি চাষিরা

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ০৯:২৮ পিএম

শেয়ার করুন:

আকভানের প্রভাবে ফেনীতে টানা বৃষ্টি, দুশ্চিন্তায় আমন ও সবজি চাষিরা
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে ফেনীতে টানা বৃষ্টি ও দমকা হাওয়ায় নুয়ে পড়েছে পাকা ধান। ছবি: ঢাকা মেইল

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে ফেনীতে টানা বৃষ্টি ও দমকা হাওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা। বৃহস্পতিবার ভোর থেকে শুক্রবার সকাল পর্যন্ত বৃষ্টিতে মাঠের পাকা আমন ধান ও আগাম শীতকালীন সবজির আবাদ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে নিচু জমিতে পানি জমে থাকায় সবজির চারা নষ্ট হওয়ার আশঙ্কা করছেন চাষিরা। অন্যদিকে পাকা ধান দ্রুত ঘরে তুলতে না পারায় লোকসানের শঙ্কায় রয়েছেন আমন চাষিরা।

জেলা আবহাওয়া কার্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ভোর থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত ফেনীতে ২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঘূর্ণিঝড়টির প্রভাবে আগামী রোববার (২২ নভেম্বর) পর্যন্ত জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, জেলার বিভিন্ন মাঠে আমন ধান পেকে কাটার উপযোগী হয়েছে। কোথাও কোথাও ধান কাটা ও মাড়াইয়ের কাজও চলছিল। তবে বৃষ্টি ও দমকা হাওয়ায় অনেক জমির পাকা ধানগাছ নুয়ে পড়েছে। জমিতে পানি জমে থাকায় কাটা ধান ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ক্ষতি এড়াতে কেউ কেউ আধাপাকা ধান কাটতে শুরু করেছেন। তবে শ্রমিকসংকট ও প্রতিকূল আবহাওয়ার কারণে দ্রুত ধান ঘরে তোলা কঠিন হয়ে পড়েছে।

অন্যদিকে সোনাগাজী, দাগনভূঞা, পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া ও ফেনী সদর উপজেলার বিভিন্ন এলাকায় আগাম শীতকালীন সবজির আবাদ করেছেন কৃষকরা। ফুলকপি, বাঁধাকপি, শিম, মুলা, টমেটো ও আলুর জমিতে টানা বৃষ্টিতে পানি জমেছে। এতে সবজির চারা ও গাছের গোড়া পচে যাওয়ার আশঙ্কা করছেন তারা।

সোনাগাজী ও পরশুরাম উপজেলার কয়েকজন কৃষক জানান, সার ও বীজের বাড়তি দাম এবং ঋণের টাকা নিয়ে তারা এবার আমন ও শীতকালীন সবজির আবাদ করেছেন। ফলন ভালো হওয়ায় লাভের আশা ছিল। কিন্তু ফসল ঘরে তোলার আগমুহূর্তে বৃষ্টিতে তাদের সেই আশা অনিশ্চিত হয়ে পড়েছে। জমিতে পানি জমে থাকলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।

দাগনভূঞার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের ওমরাবাদ গ্রামের কৃষক আলী হোসেন বলেন, অনেক টাকা খরচ করে শীতকালীন সবজির আবাদ করেছি। এখন অসময়ের বৃষ্টিতে আমার বীজতলা ডুবে গেছে। বৃষ্টিপাত দীর্ঘায়িত হলে চারাগুলো পচে যাবে। এতে আমার মতো হাজারো কৃষক ক্ষতিগ্রস্ত হবেন।

একই এলাকার কৃষক শহীদ উল্লাহ বলেন, আমার জমির ধান পেকেছে। কাটার প্রস্তুতি নিচ্ছিলাম। এর মধ্যে বৃষ্টি সব পরিকল্পনা এলোমেলো করে দিয়েছে। দ্রুত জমির পানি না নামলে আমাদের ক্ষতির মুখে পড়তে হবে।

ফুলগাজী উপজেলার কৃষক রহিম উদ্দিন বলেন, শীতকালীন সবজি চাষে অনেক টাকা বিনিয়োগ করেছি। ফুলকপি, বাঁধাকপি ও টমেটোর চারা লাগিয়েছি। কিন্তু টানা বৃষ্টিতে জমিতে পানি জমে গেছে। পানি দ্রুত না নামলে চারার গোড়া পচে গাছ নষ্ট হয়ে যাবে। আমাদের মতো প্রান্তিক কৃষকের পক্ষে এই ক্ষতি সামাল দেওয়া কঠিন।

পরশুরাম উপজেলার আমন ও সবজি উভয় চাষি আবু তাহের বলেন, সার, বীজ, কীটনাশক ও শ্রমিকের পেছনে এবার অনেক টাকা খরচ হয়েছে। কেউ কেউ ঋণ নিয়েও চাষাবাদ করেছেন। ফসল ভালো হওয়ায় আশা ছিল এবার কিছুটা লাভের মুখ দেখব। কিন্তু ফসল ঘরে তোলার ঠিক আগে এই বৃষ্টি আমাদের দুশ্চিন্তায় ফেলেছে। বৃষ্টি আরও কয়েক দিন চললে আমন ধান ও শীতকালীন সবজি-দুই ফসলেই বড় ক্ষতি হতে পারে।

কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, সম্ভাব্য ক্ষতি কমাতে আমন ধানের ৮০ শতাংশ পেকে গেলে দ্রুত কেটে নিরাপদ ও উঁচু স্থানে সংরক্ষণ করতে হবে। পাশাপাশি শীতকালীন সবজি ও রবিশস্যের জমি থেকে অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। আপাতত জমিতে কৃত্রিম সেচ ও সার প্রয়োগ বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন তারা।

ফেনী জেলা আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মজিবুর রহমান বলেন, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড়টি শুক্রবার (২০ নভেম্বর) দুপুর নাগাদ ভারতের অন্ধ্র ও ওডিশা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে ফেনী উপকূলীয় এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আগামী রোববার পর্যন্ত জেলায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর