ঢাকা থেকে গাড়িতে করে ফেরার পথে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে মারপিটের পর অপহৃত বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনিরুল হক ফরাজী মুক্তি পেয়েছেন। দুই লাখ ১৭ হাজার টাকা মুক্তিপণ দিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ছাড়া পেয়ে রাতে ঢাকায় নিজের বাসায় ফেরেন তিনি। বর্তমানে চিকিৎসা নিয়ে বাসায় অবস্থান করছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকায় অবস্থানরত তার ছোট ভাই রেজাউল হক মুকুল। তবে এ ঘটনায় এখনো পুলিশের কাছে কোনো অভিযোগ করেননি তিনি।
বিএনপি নেতা মনিরুল হক ফরাজী বলেন, বুধবার রাত ১টার দিকে ঢাকা থেকে নিজ গাড়িতে করে বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও গাড়িচালক হাসানকে নিয়ে বাগেরহাটের উদ্দেশে রওনা হন। বৃহস্পতিবার ভোরে মোংলা-মাওয়া মহাসড়কের গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে আন্দোলনকারীরা তাদের গাড়ি লক্ষ্য করে আলোর ঝলকানি দেয়। এসময় সামনে এগিয়ে দেখেন, সড়কের উপর গাছ ফেলে অবরোধ করা হয়েছে। কয়েকজন গাছ সরিয়ে দিলে তারা দ্রুত গাড়ি নিয়ে সামনে যাওয়ার চেষ্টা করে। এ সময় লাঠিসোঁটা হাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একদল লোক তাদের গাড়ির গতিরোধ করে ঘিরে ফেলে।
তিনি বলেন, গাড়ি থেকে নামার পর আওয়ামী সন্ত্রাসীরা এলোপাতাড়ি মারধর শুরু করেন। আঘাতে নাক ও মুখ দিয়ে তাদের রক্ত ঝরছিল। আন্দোলনকারীরা মোবাইলে প্রধানমন্ত্রীসহ বিএনপির বিভিন্ন অনুষ্ঠানে আমার ছবি দেখে আমাকে আরো মারপিট করে। এক পর্যায়ে তারা আমার কাছে থাকা নগদ ৬৭ হাজার টাকা, বিভিন্ন ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড, প্লাটিনামের একটি আংটি, গলার চেইন এবং আইফোন ১৭ প্রো ছিনিয়ে নেয়। পরে আমাকে সঙ্গে নিয়ে তারা গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় হেঁটে ঘোরাতে থাকে। ভোর থেকে দুপুর পর্যন্ত হাঁটতে বাধ্য করা হয়। একপর্যায়ে ছেড়ে দেওয়ার জন্য আরও টাকা দাবি করে অপহরণকারীরা। তখন বিকাশের মাধ্যমে দেড় লাখ টাকা এনে দিলে তাকে ছেড়ে দেওয়া হয়। সব মিলিয়ে দুই লাখ ১৭ হাজার টাকা এবং বিভিন্ন মালামাল ছিনিয়ে নেয় আওয়ামী সন্ত্রাসীরা।
পরে ভাড়ার মোটরসাইকেল ও বিভিন্ন পরিবহনে করে পথ ভেঙে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকার মোহাম্মদপুরের বাসায় ফিরি। প্রথমে সন্ত্রাসীদের দলে ১৫ থেকে ২০ জন থাকলেও শেষ পর্যন্ত চারজন ছিল। তাদের কাউকেই ব্যক্তিগতভাবে চেনে না তিনি।
বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান, বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজী গোপালগঞ্জে অপহরণের খবর পেয়ে তারা গোপালগঞ্জ পুলিশের সঙ্গে যোগাযোগ শুরু করেন। বৃহস্পতিবার রাতে বিএনপি নেতা ফিরে এসেছেন বলে খবর পেয়েছি। তিনি বর্তমানে চিকিৎসা নিচ্ছেন। সুস্থ হওয়ার পর তার কাছ থেকে বিস্তারিত শুনে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
প্রতিনিধি/এলএ




