‘বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য তরিকুল ইসলাম ছিলেন একজন পূর্ণাঙ্গ ও ধ্রুপদী রাজনীতিবিদ। ছাত্রজীবন থেকে আন্দোলন-সংগ্রামের মধ্যদিয়ে ধাপে ধাপে জাতীয় রাজনীতিতে উঠে এসেছেন তিনি। রাজনীতির বাইরে অন্য কোনো পেশা বা পরিচয়কে কখনো প্রাধান্য দেননি। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রজ্ঞা ও সাংগঠনিক দক্ষতায় তিনি যেমন সরকারের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন, তেমনি রাজনৈতিক নেতা হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।’
শুক্রবার বিকেলে যশোর জেলা পরিষদ মিলনায়তনে (বিডি হল) বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
একই অনুষ্ঠানে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক অস্থিরতা এবং বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতা, খুন ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
জেলা বিএনপি আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু।
বক্তব্যের শুরুতে প্রকৃত রাজনীতিবিদের বৈশিষ্ট্য তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, অনেকেই সংসদ সদস্য কিংবা মন্ত্রী হন। কেউ পার্টটাইম ঠিকাদার বা ব্যবসায়ী হিসেবে, কেউ চাকরি থেকে অবসর নেওয়ার পর রাজনীতিতে যুক্ত হন। কিন্তু একজন প্রকৃত রাজনীতিবিদের গড়ে ওঠার পটভূমি আলাদা। ছাত্রজীবন থেকেই নানা সংগ্রাম, ঘাত-প্রতিঘাত ও রাজনৈতিক অনুশীলনের মধ্য দিয়ে তিনি পরিণত হন ধ্রুপদী রাজনৈতিক চরিত্রে। তরিকুল ইসলাম ছিলেন তেমনই একজন রাজনীতিবিদ।
দীর্ঘ রাজনৈতিক অনুশীলন একজন রাজনীতিবিদের মনোজগৎ ও দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে উল্লেখ করে রিজভী ওয়ান-ইলেভেনের সময়কার একটি ঘটনা স্মরণ করেন। তিনি বলেন, গণতন্ত্রকে পাশ কাটিয়ে যারা ক্ষমতায় এসেছিল, তাদের আমলে মিথ্যা অভিযোগে তরিকুল ইসলামসহ ঢাকা ও বিভিন্ন স্থান থেকে অনেককে গ্রেফতার করা হয়। কারাগারে অনেকে কান্নাকাটি কিংবা ধর্মচর্চায় সময় কাটালেও তরিকুল ইসলাম হাসতে হাসতে নেতাকর্মীদের বলেছিলেন, ‘তোরা যা-ই করিস, দুই বছরের আগে বেরোতে পারবি না।’
দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মেয়র মির্জা আব্বাসের কাছ থেকে জানা এই ঘটনার উল্লেখ করে রিজভী বলেন, সামরিক চরিত্রের সরকারের গতিপ্রকৃতি সম্পর্কে দীর্ঘ অভিজ্ঞতা ও প্রজ্ঞা থেকেই তরিকুল ইসলাম কথাটি বলেছিলেন। বাস্তবেও দুই বছরের আগে কেউ মুক্তি পাননি।
তরিকুল ইসলামের শিক্ষাজীবন ও ছাত্ররাজনীতির প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, যশোর জিলা স্কুল ও এমএম কলেজের মতো ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন তরিকুল ইসলাম। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ছাত্রত্বের পাশাপাশি ছাত্ররাজনীতিতেও সক্রিয় ছিলেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রবীণ শিক্ষক ও স্থানীয় প্রবীণ ছাত্র ইউনিয়ন কর্মীদের স্মৃতিচারণ করে রিজভী বলেন, আইয়ুব খানের শাসনামলে অত্যাচার, নিপীড়ন ও ছাত্রদের ওপর গুলিবর্ষণের বিরুদ্ধে ভুবনমোহন ক্যাম্পাসে তরিকুল ইসলামের বক্তৃতা শুনতে মানুষ ভিড় জমাতেন। তার বক্তব্যে সাধারণ মানুষের চোখ ভিজে উঠত।
তরিকুল ইসলামের নেতৃত্বের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল সাংস্কৃতিক মনন ও সাহিত্যানুরাগ। রিজভী বলেন, তার সান্নিধ্যে থাকা নেতাকর্মীরা রাজনীতির বাইরেও সাহিত্য নিয়ে তার সঙ্গে আলোচনা করতেন। সমরেশ মজুমদারের উপন্যাস কিংবা টিএস এলিয়টের কবিতা পড়া হয়েছে কি না, এমন প্রশ্ন নিয়ে জুনিয়রদের সঙ্গে কথা বলতেন তিনি। জাতীয় পর্যায়ের একজন নেতার এমন সাহিত্যচর্চা ও মননশীলতা ছিল ব্যতিক্রমী এবং অনুপ্রেরণাদায়ক।
প্রগতিশীল ছাত্ররাজনীতি এবং পরবর্তীতে মজলুম জননেতা মওলানা ভাসানীর সান্নিধ্যে জাতীয় রাজনীতিতে আসা তরিকুল ইসলামের মুক্তিযুদ্ধে অবদানের বিষয়টি জাতীয় পর্যায়ে সেভাবে আলোচিত বা গবেষণা হয়নি বলেও আক্ষেপ করেন রিজভী।
তিনি বলেন, ১৯৭১ সালে ভারতে অবস্থানকালে সংগঠন গড়ে তোলা এবং তরুণদের মুক্তিযুদ্ধে সম্পৃক্ত করার কাজে ভূমিকা রেখেছিলেন তরিকুল ইসলাম। তার মুক্তিযুদ্ধকালীন ভূমিকা নিয়ে আরও বিস্তৃত গবেষণা হওয়া প্রয়োজন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সহকর্মী হিসেবে তরিকুল ইসলামের অবস্থান তুলে ধরে রিজভী বলেন, কোনো আন্দোলনের কর্মসূচি ঘোষণার আগে বেগম খালেদা জিয়া সর্বপ্রথম তরিকুল ইসলামের নাম স্মরণ করতেন। ২০১৪ সালে কেন্দ্রীয় কার্যালয় থেকে দরজা ভেঙে গ্রেফতারের পর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ও তার মাধ্যমে সারাদেশের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং আন্দোলনের লজিস্টিক সমন্বয় করা হয়েছিল। দলের শীর্ষ নেতৃত্বের এমন অগাধ বিশ্বাস অর্জন সবার পক্ষে সম্ভব নয়।
তিনি বলেন, ১৭ বছরের রাজনৈতিক সংগ্রামের বড় একটি অংশে অসুস্থতা এবং যশোরের বাসায় ‘বুকডোর’ অভিযানের মতো চাপের মুখেও নেতৃত্ব দিয়েছেন তরিকুল ইসলাম।
স্মরণসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা মহানগর বিএনপির সভাপতি এসএম শফিকুল আলম মনা, জেলা জামায়াতের আমির গোলাম রছুল এমপি, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নুরুজ্জামান, যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর ও ছাত্রদলের সভাপতি কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।
প্রতিনিধি/এলএ




