শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ঢাকা

কুষ্টিয়ায় বস্তাবোঝাই ভাঙাড়ি ঢালার সময়ে ‘ককটেল’ বিস্ফোরণ, আহত ২

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পিএম

শেয়ার করুন:

কুষ্টিয়ায় বস্তাবোঝাই ভাঙাড়ি ঢালার সময়ে ‘ককটেল’ বিস্ফোরণ, আহত ২

কুষ্টিয়ার মজমপুর এলাকায় ককটেল সদৃশ্য বোমার বিস্ফোরণে সুমন এবং রুহুল আমিন নামে দুজন আহত হয়েছেন।  

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর রেলগেট এলাকায় একটি ভাঙাড়ির দোকানে এই ঘটনা ঘটে।

আহত সুমন কুষ্টিয়া পৌরসভার আড়‍ুয়াপাড়া এলাকার আব্দুর জব্বারের ছেলে এবং রুহুল আমিন জগতি পালপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে। সুমন পেশায় ভাঙাড়ি কুড়িয়ে বিক্রি করেন। আর পেশায় রুহুল আমিন ভাঙাড়ির ব্যবসায়ী।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, বিকেল ৩টার দিকে টোকাই সুমন এক বস্তা ভাঙাড়ি নিয়ে রুহুল আমিনের দোকানে আসে। এসময় বস্তাভর্তি ভাঙাড়ি ওজন করার জন্য বিদ্যুৎচালিত স্কেলে মেপে বস্তা খালি করার জন্য নিচে ঢালার সময় লাল টেপে মোড়ানো একটি ককটেল সদৃশ্য বোমা নিচে পড়েই বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই সুমন এবং রুহুল আমিন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। বর্তমানে তারা সেখানে পুলিশের হেফাজতে চিকিৎসাধীন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ধারণা করা হচ্ছে- বস্তুটি ককটেল বোমা ছিল। সেটি সুমন কোথায় পেয়েছে, সে বিষয়ে পুলিশ কাজ করছে। আহত দুজনকে পুলিশ হেফজতে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরে এ বিষয়ে তাদের জিজ্ঞাাসাবাদ করা হবে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর